অনির্দিষ্টকালের জন্য কর্মবিরতি ঘোষণা দিয়েছে গোপালগঞ্জের বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (বশেমুরবিপ্রবি) অফিসার্স অ্যাসোসিয়েশন।
আইন না মেনে নিয়োগ বিজ্ঞপ্তি দেওয়া, দীর্ঘ দিন ডিউ হওয়ার পরেও আপগ্রেডেশন বোর্ড না করা এবং ডিউ ডেট বাস্তবায়ন না হওয়া- এই তিনটি কারণে আজ (বুধবার) থেকে কর্মবিরতি ঘোষণা করে কর্মকর্তাদের সংগঠনটি।
এ বিষয়ে বশেমুরবিপ্রবি অফিসার্স অ্যাসোসিয়েশনের সভাপতি তুহিন মাহমুদ বলেন, এতদিন ধরে আমাদের বলা হয়েছিল যেসকল কর্মকর্তার আপগ্রেডেশন বোর্ড বাকি রয়েছে আগামী রিজেন্ট বোর্ডে তাদের আপগ্রেডেশন বোর্ডের বিষয়টি সমাধান করা হবে। কিন্তু এখন বলা হচ্ছে এই রিজেন্ট বোর্ডে বিষয়টি উত্থাপন করা হবে না।
এ ছাড়া ইতিপূর্বে আমাদের নিয়োগ বিজ্ঞপ্তিতে অভ্যন্তরীণ প্রার্থীদের জন্য একটি বা দুটো শর্ত শিথিল করার নিয়ম ছিল কিন্তু কোনো ধরনের রিজেন্ট বোর্ডের মিটিং ব্যতীত সর্বশেষ দুইটি নিয়োগ বিজ্ঞপ্তিতে এই বিষয়টি বাদ দেয়া হয়েছে যা সম্পূর্ণ বিধিবহির্ভূত।
আমরা চাই এ সকল সমস্যার সমাধান হোক পাশাপাশি ডিউ ডেট থেকে আমাদের পদোন্নতি কার্যকর করা হোক।
তিনি আরও বলেন, আমাদের মোট তিনটি দাবি রয়েছে এবং এ সকল দাবি পূরণ হলেই আমরা কর্মবিরতি প্রত্যাহার করবো।
এ বিষয়ে বশেমুরবিপ্রবির উপাচার্য ড. একিউএম মাহবুবের সঙ্গে যোগাযোগ করা হলে তিনি কোনো মন্তব্য করতে রাজি হননি।
