জিম্বাবুয়ের সঙ্গে সেঞ্চুরি হাঁকিয়ে টেস্ট থেকে অবসরের সিদ্ধান্ত নেন মাহমুদউল্লাহ রিয়াদ। মাঠেই সতীর্থদের কাছ থেকে ল্যাপ অব অনারও পেয়েছেন।
তবে এ বিষয়টি নিয়ে এখনো মাহমুদউল্লাহ বা বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি) কোনো পক্ষই কোনো শব্দই বলছেন না। কিন্তু মাঠের সেই চিত্রগুলো তো আর মিথ্যে না। অথচ বিসিবি প্রধান নাজমুল হাসান পাপন বুধবার হুট করে বলে দিলেন, মাহমুদউল্লাহ অবসর নেননি। তাহলে!
বাংলাদেশ অলরাউন্ডারের ওই অবসরের ব্যাপারে এদিনই সংবাদমাধ্যমের প্রশ্নের সম্মুখীন হন পাপন। এর আগে তাকে এই প্রশ্ন করা হয়নি। মাহমুদউল্লাহকে করা হলেও টি-টোয়েন্টি অধিনায়ক তা এড়িয়ে যান। কিন্তু পাপন এড়িয়ে যেতে পারলেন না।
প্রশ্নের জবাবে বলেন, ‘না নেয়নি (অবসর)।’ এরপরই বিষয়টি খোলাসা করে বলেন, ‘আসলে সিরিজ একটার পর একটা চলছে তো (হাসি)। ওদের সঙ্গে বসে কথা বলতে হবে তো। না আমি যেতে পারি, না ওরা আসতে পারে। আর এসব আলোচনা তো ওপেনে হয় না (হাসি)। তাই এ ব্যাপারটা এখনো পেন্ডিং আছে। তবে ও যেহেতু টেস্টে আপাতত খেলছে না। তাই বর্তমান (ডিসেম্বর পর্যন্ত) চুক্তিতে সে লাল বলে নেই।’
বুধবার রাতে কেন্দ্রীয় চুক্তির যে তালিকায় প্রকাশ করেছে বিসিবি, তাতে মাহমুদউল্লাহ শুধু ওয়ানডে ও টি-টোয়েন্টির চুক্তিতে রয়েছেন।
