নিউজিল্যান্ডের বিপক্ষে সিরিজের প্রথম ম্যাচে বাংলাদেশের জয়ে ম্যাচসেরা হয়েছেন সাকিব আল হাসান। বল হাতে ২ উইকেট নেওয়ার সঙ্গে ব্যাট হাতে করেন ৩৩ বলে ২৫ রান। দুই দল মিলেই যা ম্যাচের সর্বোচ্চ ব্যক্তিগত ইনিংস।
ম্যাচে শেষে সাকিব জানালেন, এই ম্যাচের উইকেট ছিল অস্ট্রেলিয়া সিরিজের চেয়েও কঠিন। ব্যাটসম্যানদের জন্য রান করা যেখানে খুবই কঠিন।
বিসিবি প্রেরিত ভিডিও বার্তায় সাকিব বলেন, ‘অস্ট্রেলিয়া সিরিজ থেকেও কঠিন উইকেট ছিল। সেই সঙ্গে আমরাও ভালো জায়গায় বল করেছি। নিউজিল্যান্ড অনেক অনভিজ্ঞ দল এই কন্ডিশনে। স্বাভাবিকভাবেই সংগ্রাম করেছে।’
বুধবার মিরপুর শেরে বাংলা জাতীয় স্টেডিয়ামে টস জিতে প্রথমে ব্যাটিং বেছে নেয় নিউজিল্যান্ড। ১৬.৫ ওভারে ৬০ রানে গুটিয়ে যায় দলটি। জবাবে ৫ ওভার বাকি থাকতেই ৩ উইকেট হারিয়ে লক্ষ্য পৌঁছে যায় বাংলাদেশ।
এই উইকেটে রান করা প্রসঙ্গে সাকিব বলছিলেন, ‘এখানে গুরুত্বপূর্ণ ছিল যত বেশি সিঙ্গেল নেওয়াটাই বা রানিং বিট্যুইন দ্য উইকে। কারণ বাউন্ডারি মারাটা খুবই কঠিন। সব সময় ইতিবাচক মনোভাব রাখলে সিঙ্গেল বা ডাবলস নেওয়া সহজ হয়। তখন ব্যাটসম্যানের চাপ সরে যায়। সেট হয়ে গেলে একটা-দুইটা বাজে বল পেলে রান করা যায়। কাজেই অনেক চ্যালেঞ্জিং একটা পরিস্থিতির মধ্যে দিয়ে ব্যাটসম্যানরা যাচ্ছে।’
নিউজিল্যান্ড বাংলাদেশে এসেছে টি-টোয়েন্টি বিশ্বকাপের স্কোয়াডে থাকাদের বিশ্রামে রেখে। সেই দলের বিপক্ষে ভালো ফলই বা বাংলাদেশের জন্য কতটা কাজে দেবে? এমন প্রশ্ন তুলছেন অনেকে।
সাকিব বলছেন, ‘সব থেকে গুরুত্বপূর্ণ হলো যে আমরা ম্যাচ জিতছি। আমার মনে আছে ২০০৭ বিশ্বকাপের আগে আমরা অনেকগুলো ওয়ানডে জিতেছিলাম টানা, ওটা সাহায্য করেছে। আমার মনে হয় এই জয়গুলো আমাদের দলের আত্মবিশ্বাস ওই জায়গায় নিয়ে যাবে, তাতে বিশ্বকাপে ভালো করতে পারি।’
