ঢাকাই সিনেমার জনপ্রিয় অভিনেত্রী পরীমণিকে বাসা ছাড়ার নোটিশ দেওয়া হয়নি। বৃহস্পতিবার তিনি নিজেই গণমাধ্যমকে এ কথা জানান।
বুধবার কারাগার থেকে মুক্তি পেয়ে ২৭ দিন পর রাজধানীর বনানীর বাসায় পৌঁছে তিনি বাসা ছাড়ার নোটিশ পেয়েছেন বলে খবর ছড়িয়ে পড়ে। গতকাল দুপুর থেকেই বাড়িটির মূল গেটে নীল রঙের পলিথিন ঝোলানো হয়েছে।
বৃহস্পতিবার দুপুরে পরীমণি সাংবাদিকদের বলেন, “আমি সাত বছর ধরে এই বাসায় আছি। আমার নামে কেউ কোনো দিন অভিযোগ করেনি। কেউ বলতে পারবে না খারাপ কিছু হয়েছে। আমাকে বাড়ি ছাড়ার নোটিশ দেওয়া হয়নি। আমাকে বাড়ির দায়িত্বে থাকা আন্টি মৌখিকভাবে অনেক কথা বুঝিয়ে বলেছেন। বাড়ি ছাড়ার কোনো লিখিত নোটিশ দেওয়া হয়নি। আমার বাড়ি হলেও এমন বিব্রত হতাম। সেই বিষয়টা বাসার দায়িত্বে থাকা আন্টি বুঝিয়ে বলেছেন। এ ছাড়া কিছুই হয়নি।”
তিনি আরও বলেন, “এই বাসায় যখন-তখন আমার কাজের সঙ্গে জড়িত মানুষেরা আসেন। এই বাসার ঠিকানা এখন অনেকেই জেনে গেছে। বাসার দায়িত্বে থাকা আন্টি বলেছেন, গত একমাসে যেভাবে গণমাধ্যমকর্মী, ইউটিউবার, ভক্ত আর প্রশাসনের মানুষ এসেছেন, তাতে অন্যান্য ফ্ল্যাটের মানুষ বিব্রত হয়েছেন। আমি হলেও হতাম, কিছু অসুবিধা হচ্ছে অন্যদের। এ ছাড়া এখানে আমি নিজেও নিরাপদ বোধ করছি না। নিজের প্রাইভেসি ঠিক রাখতে এই বাসা ছাড়বো আগামী কয়েক মাসের মধ্যেই।”
