রূপগঞ্জে গৃহবধুকে শ্বাসরোধে হত্যার অভিযোগ

আপডেট : ০২ সেপ্টেম্বর ২০২১, ০৬:৫১ পিএম

নারায়ণগঞ্জের রূপগঞ্জে সুরাইয়া আক্তার (২৩) নামে এক গৃহবধুকে হত্যা করা হয়েছে বলে অভিযোগ পাওয়া গেছে। বুধবার মধ্যরাতে উপজেলার কাঞ্চন পৌরসভার কেন্দুয়া হালুয়ারটেক এলাকায় এই হত্যাকাণ্ডের ঘটনা ঘটে।  

বৃহস্পতিবার সকালে পুলিশ ঘটনাস্থল থেকে মরদেহ উদ্ধার করেছে। ময়নাতদন্তের জন্য মরদেহ নারায়ণগঞ্জ সদর হাসপাতালে পাঠানো হয়েছে।

নিহত সুরাইয়া আক্তার গাজীপুর জেলার কালীগঞ্জ থানার বাসিন্দা।

স্থানীয় সূত্রে জানা গেছে, দুই বছর আগে সুরাইয়া আক্তারের সঙ্গে রূপগঞ্জ উপজেলার বিরাব এলাকার বাসিন্দা অহিদ মিয়ার বিয়ে হয়। সুরাইয়ার স্বামী অহিদ একজন মাদকসেবী। বুধবার রাতে মাদক সেবনের টাকার জন্য স্বামী অহিদ তার স্ত্রী সুরাইয়া আক্তারকে চাপ প্রয়োগ করে। টাকা দিতে অস্বীকার করলে মারধর করলে সুরাইয়া ঘর থেকে বের হয়ে যান।

তারা জানান, সুরাইয়াইর স্বামী বিভিন্ন সময়ে তার সহযোগীদের বাড়িতে নিয়ে এসে স্ত্রীকে অসামাজিক কার্যকলাপে বাধ্য করত।

এ ব্যাপারে ভোলাব তদন্ত কেন্দ্রের ইনচার্জ পরিদর্শক মাহবুবুর রহমান জানান, বৃহস্পতিবার সকালে মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য নারায়ণগঞ্জ সদর হাসপাতালে পাঠানো হয়েছে। লাশের গলায় ও শরীরের আঘাতের চিহ্ন রয়েছে। 

রূপগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এএফএম সায়েদ বলেন, নিহতের স্বামী পলাতক অহিদকে গ্রেফতারের চেষ্টা চলছে। তাকে গ্রেফতার করলেই মূল রহস্য বেরিয়ে আসবে।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত