সীমান্তে মাছ ধরতে গিয়ে বিএসএফের গুলিতে বাংলাদেশি নিহত

আপডেট : ০৪ সেপ্টেম্বর ২০২১, ০৬:২২ পিএম

কুড়িগ্রামের রৌমারী উপজেলার দাঁতভাঙ্গা সীমান্তে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী-বিএসএফের গুলিতে সহিবর রহমান (৩৭)  নামের এক বাংলাদেশি নিহত হয়েছেন।

শনিবার ভোর রাতে উপজেলার কাউনিয়ার চর সীমান্তের আন্তর্জাতিক মেইন পিলার নং ১০৫৪-৫৫ এর পাশে এ গুলিবর্ষণের ঘটনা ঘটে।

পরিবারের দাবি, মাছ ধরতে গিয়ে ওই পিলারের পাশে গেলে ভারতের দ্বীপচর ক্যাম্পের বিএসএফ সদস্যরা তাকে লক্ষ্য করে গুলি ছোড়ে। এ সময় সহিবর রহমানের বুকে গুলিবিদ্ধ হন।

খবর পেয়ে পরিবারের লোকজন তাকে উদ্ধার করে বাড়িতে আনার সময় পথেই তার মৃত্যু হয়।

সহিবর রহমান উপজেলার দাঁতভাঙ্গা ইউনিয়নের আমবাড়ী গ্রামের মৃত ইশার উদ্দিনের ছেলে।

স্থানীয় সূত্রে জানা গেছে, সহিবরের শ্বশুরবাড়ি কাউনিয়ারচর গ্রামের বশির আলীর বাড়িতে নেওয়ার পথে তার মৃত্যু হয়। পরে পুলিশ সংবাদ পেয়ে তার মরদেহ শ্বশুর বাড়ি থেকে উদ্ধার করে রৌমারী থানায় নিয়ে আসে।

দাঁতভাঙ্গা ইউপি সদস্য আবু সাইদ বলেন, গুলিবিদ্ধ সহিবরের লাশ শ্বশুর বাড়িতে থেকে পুলিশ নিয়ে আসে। তবে নিহত ব্যক্তি কী কারণে সীমান্তে গিয়েছিল তা জানা নেই।

জামালপুর ৩৫ বিজিবি’র ব্যাটালিয়ন অধিনায়ক লে. কর্নেল মুনতাসির মামুন বলেন, দাঁতভাঙ্গা বিজিবি ক্যাম্পের টহলদল ওই সময় বাইরে ছিল। এ সময় আন্তর্জাতিক সীমানা পিলার ১০৫৪/৫৫ এর কাছের এলাকায় গুলির শব্দ শুনতে পাওয়া যায়।

তিনি বলেন, তাৎক্ষণিক টহলদল ঘটনাস্থলে গেলে সেখানে কাউকে পাওয়া যায়নি। পরে লোক মুখে জানতে পারি সহিবর রহমান নামের এক ব্যক্তি গুলিবিদ্ধ হয়েছেন।

রৌমারী থানা অফিসার ইনচার্জ (ওসি) মোন্তাছের বিল্লাহ বলেন, নিহতের পরিবারের দাবি, তারা সীমান্তে মাছ ধরার জন্য গিয়েছিল। এ সময় বিএসএফ তাদের লক্ষ্য করে গুলি ছোড়ে।

খবর পেয়ে নিহতের লাশ উদ্ধার করে কুড়িগ্রাম মর্গে পাঠানো হয়েছে বলে জানান তিনি।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত