ফুটবল ইতিহাসের সেরা তিনজনের একজন রোনালদো: লুকাকু

আপডেট : ০৫ সেপ্টেম্বর ২০২১, ০১:৩২ পিএম

ক্রিস্টিয়ানো রোনালদোর সঙ্গে তুলনায় যেতে চান না রোমেলু লুকাকু। বেলজিয়ান ফরোয়ার্ড জানিয়েছেন, সিআর সেভেনের সঙ্গে তুল্য হওয়ার জন্য আরও অনেকদূর যেতে হবে তাকে। রোনালদোর সঙ্গে তুলনাকে ‘বেহুদা’ বলে উল্লেখ করেছেন লুকাকু।

চলতি মৌসুমে সিরি’আ ছেড়ে ফের ইংলিশ প্রিমিয়ার লিগে ফিরেছেন এই দুই তারকা। ইন্টার মিলানের সঙ্গে সম্পর্ক ছিন্ন করে দ্বিতীয় দফায় চেলসিতে এসেছেন লুকাকু। অন্যদিকে আলোচনার জন্ম দিয়ে জুভেন্টাসে সঙ্গে তিন বছরের সংসার ছেড়ে ফের ম্যানচেস্টার ইউনাইটেডে যোগ দিয়েছেন রোনালদো।

হুট করে পর্তুগিজ উইঙ্গারের সঙ্গে লুকাকুর তুলনা হওয়ার কারণ— আন্তর্জাতিক গোলের হিসেব। এই সপ্তাহে আন্তর্জাতিক ফুটবলে সর্বোচ্চ গোলের রেকর্ড গড়েছেন রোনালদো। বিশ্বকাপ বাছাইপর্বে আয়ারল্যান্ডের বিপক্ষে জয়সূচক জোড়া গোলে ৩৬ বছর বয়সী তারকা টপকে যান আলি দায়ীকে। সাবেক ইরানিয়ান ফরোয়ার্ড আলি দায়ী ১০৯ গোল নিয়ে এতদিন রেকর্ডটি নিজের করে রেখেছিলেন। আয়ারল্যান্ডের বিপক্ষে প্রথম গোলটি করে রেকর্ডটি ভাঙেন রোনালদো। এরপর করেন ১১১তম আন্তর্জাতিক গোল।

ভবিষ্যতে কে ভাঙতে পারেন রোনালদোর এই রেকর্ড— সেই আলোচনায় লুকাকুর নাম উচ্চারিত হচ্ছে বেশি। বেলজিয়ান ফরোয়ার্ডের বয়স এখন ২৮। ইতিমধ্যে বেলজিয়ামের হয়ে করেছেন ৬৮ গোল।

তবে লুকাকু জানিয়েছেন, রোনালদোর সঙ্গে তাকে নিয়ে তুলনা অপরিণত আলোচনা। ডাচ তারকা বলেন, ‘কখনো আমাকে ক্রিস্টিয়ানো রোনালদোর সঙ্গে আলোচনা করবেন না। কখনো না।’ এমন মানা তিনি করলেন বিশ্বকাপ বাছাইপর্বে চেক প্রজাতন্ত্রের বিপক্ষে ম্যাচের আগের সংবাদ সম্মেলনে। এই ম্যাচ হতে যাচ্ছে লুকাকুর ১০০তম আন্তর্জাতিক ম্যাচ।

লুকাকু বলেন, ‘ক্রিস্টিয়ানো রোনালদো আমার জন্য বিশ্ব ফুটবল ইতিহাসের সেরা তিনজনের একজন। আমি তাকে প্রথম থেকে তিনের মধ্যে র‌্যাঙ্কিং করতে চাই না। তবে সে আছে তালিকায়।’

এরপর ইতালিতে রোনালদোর বিপরীতে খেলার স্মৃতি স্মরণ করেন লুকাকু, ‘ফুটবলে সে যা অর্জন করেছে তা আমার প্রজন্মের জন্য ব্যতিক্রম। আমি যথেষ্ট ভাগ্যবান যে, ইতালিতে আমি তার বিপরীতে খেলেছি। এখন সে প্রিমিয়ার লিগে ফিরেছে। এটা ইংলিশ ফুটবলের জন্য ভালো। শেষ পর্যন্ত, পরিসংখ্যান ও অন্যান্য বিষয় নিয়ে তুলনা একেবারে বেহুদা বিষয়।’

×
সর্বশেষ সর্বাধিক পঠিত