বিদেশগামীদের করোনা পরীক্ষার সুবিধার্থে বিমানবন্দরে বসছে পিসিআর মেশিন। সোমবার মন্ত্রিসভার বৈঠকে অনির্ধারিত আলোচনায় সংশ্লিষ্টদের এ নির্দেশ দেওয়া হয়। পরে মন্ত্রিপরিষদ সচিব খন্দকার আনোয়ারুল ইসলাম এ কথা জানিয়েছেন।
তিনি জানান, দেশের তিনটি আন্তর্জাতিক বিমানবন্দরে আরটি-পিসিআর মেশিন বসবে।
সচিবালয়ে মন্ত্রিসভার বৈঠকে ভার্চ্যুয়ালি সভাপতিত্ব করেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। বৈঠকের সিদ্ধান্ত জানাতে পরে সংবাদ সম্মেলনে আসেন মন্ত্রিপরিষদ সচিব।
খন্দকার আনোয়ারুল ইসলাম বলেন, বিদেশগামীদের উড্ডয়নের আগে চার থেকে ছয় ঘণ্টার মধ্যে করোনার ফল প্রদানের জন্য সরকার পরীক্ষা সুবিধা চালু করতে যাচ্ছে।
আরও বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনা দ্রুততম সময়ে দেশের তিনটি বিমানবন্দরে আরটি-পিসিআর বুথ স্থাপনের নির্দেশ দিয়েছেন।
কয়েকটি দেশের দাবির পরিপ্রেক্ষিতে সরকার এই সিদ্ধান্ত নিয়েছ বলে জানান মন্ত্রিপরিষদ সচিব।
খন্দকার আনোয়ারুল ইসলাম জানান, প্রথমে ঢাকার হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে এটি চালু করা হবে। তারপর দেশের বাকি দুটি আন্তর্জাতিক বিমানবন্দরে তা চালু করা হবে।
