অবৈধ আগ্নেয়াস্ত্র আমদানি রোধ করতে না পারলে দেশ জংলি রাষ্ট্রে পরিণত হবে মনে করেন জাতীয় পার্টির চেয়ারম্যান গোলাম মোহাম্মদ কাদের।
তিনি বলেন, অবৈধ অস্ত্রের চালান রোধ করার পাশাপাশি অবৈধ অস্ত্র উদ্ধারে সরকারকে কার্যকর উদ্যোগ নিতে হবে। না হলে জাতির ভবিষ্যৎ ভয়াবহ হয়ে উঠবে, চরম অবনতি ঘটবে আইনশৃঙ্খলা পরিস্থিতি।
সোমবার এক বিবৃতিতে জাতীয় পার্টি চেয়ারম্যান গোলাম মোহাম্মদ কাদের আরও বলেন, বিভিন্ন গণমাধ্যমের খবরে জানা গেছে, সম্প্রতি যশোরের এক ছাত্র নেতা আইনশৃঙ্খলা রক্ষা বাহিনীর হাতে গ্রেপ্তার হয়েছে। গোয়েন্দা সংস্থার কাছে তার স্বীকারোক্তি অনুযায়ী গেল কয়েক বছরে সে একাই সারা দেশে দুই শতাধিক আগ্নেয়াস্ত্র বিক্রি করেছে। সে বলেছে, পার্শ্ববর্তী একটি দেশের সীমান্ত দিয়ে অভিনব কায়দায় অস্ত্র কীভাবে বাংলাদেশে এনেছে। গোয়েন্দা সংস্থার কাছে আরও বলেছে, চোরাচালান সিন্ডিকেট বাংলাদেশে বিভাবে অস্ত্র সরবরাহ করে। এর চেয়ে ভয়াবহ খবর আর হতে পারে না। এর আগে, ইসরায়েলে তৈরি অত্যাধুনিক ‘উজি’ পিস্তলসহ এক মডেলের ছবি ভাইরাল হয়েছে, অত্যাধুনিক যে অস্ত্র আইনশৃঙ্খলা রক্ষা বাহিনীর হাতেও নেই। তাই সমাজের অভিভাবক মহলের মাঝে মারাত্মক আতঙ্ক ছড়িয়ে পড়েছে।
বিবৃতিতে জাতীয় পার্টি চেয়ারম্যান গোলাম মোহাম্মদ কাদের বলেন, দেশের মানুষের জীবনের নিরাপত্তা নিশ্চিত করতে দ্রুততার সাথে অবৈধ অস্ত্র আমদানি সিন্ডিকেট ও অস্ত্রবাজদের তালিকা তৈরি করতে হবে। বিশেষায়িত বাহিনী নিয়োগ করে অবৈধ আগ্নেয়াস্ত্র উদ্ধারে অভিযান পরিচালনা করতে হবে এবং এর সঙ্গে জড়িতদের আইনের আওতায় আনতে হবে।
