পুলিশ আর আদালতের ঘাড়ে বন্দুক রেখে আর কত দিন, প্রশ্ন ছাত্রদলের

আপডেট : ০৬ সেপ্টেম্বর ২০২১, ০৯:৩৫ পিএম

বিরোধী মত দমনে বেসামাল প্রশাসন ও টালমাটাল সরকার আজ দুয়ে মিলে একাকার বলে অভিযোগ তুলে ছাত্রদল মনে করে আফগানিস্তানে সাম্রাজ্যবাদের পতন সরকারের মনে কাঁপন ধরিয়েছে।

সোমবার ছাত্রদল কেন্দ্রীয় সংসদের সভাপতি ফজলুর রহমান খোকন ও সাধারণ সম্পাদক ইকবাল হোসেন শ্যামল এক বিবৃতিতে এসব বলেন।

বিবৃতিতে নেতৃদ্বয় বলেন, করোনা কবলিত পর্যুদস্ত দেশে আওয়ামী মদদপুষ্টরা বিলাসী জীবন যাপন করছে। অন্যদিকে বিরোধী মতের অনুসারীদের বিশেষ করে ছাত্রদলের নেতা–কর্মীরা হয় কারাগারে না হয় আদালতে নতুবা হাসপাতালে মানবেতর জীবনযাপন করছে। বিরোধী মত দমনে বেসামাল প্রশাসন ও টালমাটাল সরকার আজ দুয়ে মিলে একাকার। কিন্তু আমার বলতে চাই, পুলিশ আর আদালতের ঘাড়ে বন্দুক রেখে আর কত দিন!

বিবৃতিতে অভিযোগ করা হয়, ছাত্রদল কেন্দ্রীয় সংসদের সাংগঠনিক সম্পাদক সাইফ মাহমুদ জুয়েল ও সহসাংগঠনিক সম্পাদক মশিউর রহমান রনিকে গ্রেপ্তারের প্রতিবাদে কেন্দ্র ঘোষিত কর্মসূচির অংশ হিসাবে গত ২৯ আগস্ট ঢাকা মহানগর পশ্চিমের বিক্ষোভে অংশ নেয়া নেতা-কর্মীদের ওপর হামলা চালায় পুলিশ ও স্থানীয় ছাত্রলীগ। হামলায় নগর ছাত্রদলের যুগ্ম আহ্বায়ক জুয়েল রানা, রূপনগর থানার ৬ নং ওয়ার্ডের আহ্বায়ক হারুন রশিদ হারুন, শেরেবাংলা নগর থানা ছাত্রদল নেতা খাইরুল ইসলাম মোহন, মো. বিজয়, মাহাবুবুর রহমান মিয়াজী ও আদাবর থানা ছাত্রদল নেতা বনি আমিন আহত হন। এছাড়া রবিবার ঢাকা সিএমএম কোর্ট এলাকা থেকে ঢাকা মহানগর উত্তরের সদস্য মো. মহসিনকে গ্রেপ্তার করে স্থানীয় পুলিশ।

বিবৃতিতে অবিলম্বে গ্রেপ্তারকৃত ছাত্রনেতা মহসিনের নিঃশর্ত মুক্তি, হামলায় জড়িত ছাত্রলীগ ও পুলিশ সদস্যদের চিহ্নিত করে বিচারের ব্যবস্থা করাসহ আহতদের সুচিকিৎসা ও যথাযথ ক্ষতিপূরণের দাবি জানানো হয়।

 

×
সর্বশেষ সর্বাধিক পঠিত