অভিষেকেই নজর কাড়লেন অফ স্পিনার মাহিশ থিকশানা। নিলেন ৪ উইকেট। তার আলো ছড়ানো ম্যাচে দক্ষিণ আফ্রিকার বিপক্ষে তৃতীয় ওয়ানডেতে ৭৮ রানের বড় জয় পেল শ্রীলঙ্কা।
সুবাদে তিন ম্যাচের সিরিজ ২-১ ব্যবধানে জিতে নিল স্বাগতিকেরা।
থিকশানা তার ক্যারাম বলে কুপোকাত করেছেন প্রোটিয়া ব্যাটারদের। ৩৭ রান খরচায় নিয়েছেন ৪ উইকেট। ২০৪ রানের ছোট্ট লক্ষ্য তাড়া করতে নেমে দক্ষিণ আফ্রিকা ৩০ ওভারেই মাত্র ১২৫ রানে গুটিয়ে যায়।
২১ বছর বয়সী থিকশানা আন্তর্জাতিক ক্রিকেটে নিজের প্রথম বলেই উইকেট তুলে নেন। দশম ওভারের প্রথম বলে ওপেনার জ্যানেম্যান মালানকে ফেরান তিনি। এর আগেই তিন উইকেট হারিয়ে বিপাকে ছিল প্রোটিয়ারা। থিকশানা মালানকে ফেরানোর পর বৃষ্টিতে ম্যাচ কিছুক্ষণ বন্ধ থাকে।
বৃষ্টির পর লঙ্কান স্পিনে দাঁড়াতে পারেনি দক্ষিণ আফ্রিকা। দলটির পক্ষে সর্বোচ্চ ২২ রান করেন হেইনরিক ক্লাসেন। মালান ছাড়াও ১৮ রান এসেছে জর্জ লিন্ডের ব্যাট থেকে। ১৭ রান করেন আন্দিলে ফেহলুকায়ো।
লঙ্কানদের পক্ষে থিকশানার ৪ উইকেট ছাড়াও ২টি করে উইকেট নিয়েছেন দুষ্মন্ত চামিরা ও ওয়ানিন্দু হাসারাঙ্গা।
এর আগে টস জিতে ব্যাট করতে নামা লঙ্কানরা স্কোর বোর্ডে বড় স্কোর জমা করতে ব্যর্থ হয়। নির্ধারিত ৫০ ওভারে ৯ উইকেটে মাত্র ২০৩ রান তুলে দলটি।
চারিথ আসলাঙ্কা সর্বোচ্চ ৪৭, ধনাঞ্জয়া ডি সিলভা ৩১ ও দুষ্মন্ত চামিরা ২৯ রান করেন। প্রোটিয়াদের পক্ষে সর্বাধিক ৩ উইকেট নেন কেশভ মহারাজ। ২টি করে উইকেট নিয়েছেন জর্জ লিন্ডে ও তাবরাইজ শামসি। ম্যাচসেরা হয়েছেন দুষ্মন্ত চামিরা, সিরিজসেরা চারিথ আসলাঙ্কা।
দুই দল তিন ম্যাচের টি-টোয়েন্টি সিরিজও খেলবে। যার প্রথম ম্যাচ শুক্রবার।
