আইপিএলে জুয়া খেলার টাকা নিয়ে প্রতিবন্ধী কিশোরকে হত্যা

আপডেট : ০৯ সেপ্টেম্বর ২০২১, ০৪:৪০ পিএম

প্রতিবন্ধী কিশোর রুবেল মিয়াকে হত্যার রহস্য উদ্‌ঘাটন করেছে পিবিআই জামালপুর। আইপিএলে জুয়া খেলার টাকা নিয়ে বিরোধের জেরে তাকে হত্যা করা হয় বলে পুলিশের তদন্তে উঠে এসেছে।

হত্যাকাণ্ডে জড়িত দুজনের মধ্যে সোহেলকে বৃহস্পতিবার সকালে শেরপুরের ঝিনাইগাতি উপজেলার পাইকুড়া নয়াপাড়া এলাকায় তার নিজ বাড়ি থেকে আটক করা হয়।

নিহত রুবেল মিয়া (১৭) শেরপুরের ঝিনাইগাতি উপজেলার কান্দুলী এলাকার মো. নূরুল হকের ছেলে।

বৃহস্পতিবার দুপুরে পিবিআই জামালপুর কার্যালয়ে সংবাদ সম্মেলনে পুলিশ সুপার এম এম সালাহ উদ্দীন জানান, আটক সোহেলকে জিজ্ঞাসাবাদ করলে তিনি জানান- রুবেল মিয়া, সোহেল (১৯), সোহরাবসহ (২০) একটি চক্র শেরপুরের

ঝিনাইগাতী উপজেলার পাইকুড়া বাজারে নিয়মিত আইপিএলে জুয়া খেলতেন। এই জুয়ার টাকা নিয়ে রুবেল মিয়ার সাথে সোহেল ও তার খালাতো ভাই সোহরাবের ঝগড়া হয়। এর জের ধরে চলতি বছরের ১৯ আগস্ট বিকেলে সোহরাব ফোন করে রুবেল মিয়াকে পাইকুড়া বাজারে আসতে বলে। ওইদিন সোহরাব, সোহেল ও রুবেল একসঙ্গে বিভিন্ন স্থানে ঘুরে বেড়ায়।

পরে মাছ ধরার কথা বলে কানি বিলে নিয়ে যাওয়ার পর সোহরাব ও সোহেল পেছন থেকে রুবেলকে ঝাপটে ধরে উপুড় করে কাদা পানিতে ফেলে দেয়। এ সময় সোহেল পিঠের উপর বসে পড়ে এবং সোহরাব মাথা কাদায় চেপে ধরে রুবেলকে হত্যা করে।

এদিকে প্রতিবন্ধী কিশোর রুবেল মিয়া মাঝে মধ্যেই কাউকে না জানিয়ে বিভিন্ন সময় দু-তিন দিনের জন্য বাইরে বেড়াতে যেতেন। তাই ১৯ আগস্ট বাড়িতে না ফিরলেও কেউ খোঁজ করেননি। কিন্তু চার পাঁচ দিন চলে যাওয়ার পরও ফিরে না আসায় এবং ফোন বন্ধ থাকায় গত ২৫ আগস্ট রুবেল মিয়ার বাবা নূরুল হক ঝিনাইগাতি থানায় নিখোঁজ ডায়েরি করেন।

৬ সেপ্টেম্বর কানি বিল থেকে রুবেলের গলিত লাশ উদ্ধার করে পুলিশ। পরে পিবিআই জামালপুরের পুলিশ পরিদর্শক আবুল বাশার মোহাম্মদ বদরুজ্জামানের নেতৃত্বে একটি টিম মামলাটি তদন্ত করে নিহত রুবেলের ব্যবহৃত মোবাইল ফোনটি সোহেলের বাড়ি থেকে উদ্ধার করে এবং সোহেলকে আটক করে।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত