নান্দাইলে ট্রাকের ধাক্কায় মোটরসাইকেল আরোহী ২ জন নিহত

আপডেট : ১০ সেপ্টেম্বর ২০২১, ০৩:২৮ পিএম

ময়মনসিংহের নান্দাইলে ট্রাকের ধাক্কায় মোটরসাইকেল আরোহী দুজন নিহত হয়েছেন।

শুক্রবার সকাল ৮টার দিকে নান্দাইলের চামটা বাসস্ট্যান্ডে এ দুর্ঘটনা ঘটে।

নিহতরা হলেন- নেত্রকোনা জেলার দুর্গাপুর উপজেলার বিরিশিরি এলাকার মতিউর রহমানের ছেলে সজিব মিয়া (৩২) ও একই এলাকার মো. চাঁন মিয়ার ছেলে আবুদস সোবহান (৩৫)।

বিষয়টি নিশ্চিত করে নান্দাইল হাইওয়ে থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. মাসুদ খান বলেন, সকালে ছয় বন্ধু তিনটি মোটরসাইকেলে নেত্রকোনার দুর্গাপুর উপজেলার বিরিশিরি এলাকা থেকে কিশোরগঞ্জের মিঠামইনের হাওরে যাচ্ছিলেন।

পথে নান্দাইলের চামটা বাসস্ট্যান্ডে এলাকায় আসতেই বিপরীত দিক থেকে আসা ট্রাকের সঙ্গে একটি মোটরসাইকেলের সংঘর্ষ হয়।

এতে ঘটনাস্থলেই সজিব মিয়া নামে একজন মারা যান। আহত সোবহানকে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়ার পথে তার মৃত্যু হয়।

ওসি জানান, নিহত সজিব মিয়ার মরদেহ থানায় রাখা হয়েছে। সোবহানের মৃতদেহ ময়মনসিংহ মেডিকেলের মর্গে রাখা হয়েছে।

ট্রাকটি আটক করা হয়েছে। এ ঘটনায় আইনি প্রক্রিয়ার প্রস্তুতি চলছে বলে জানান তিনি।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত