পাঁচ ম্যাচ সিরিজের পঞ্চম ও শেষ টি-টোয়েন্টিতে বাংলাদেশকে ১৬২ রানের লক্ষ্য ছুড়ে দিয়েছে নিউজিল্যান্ড।
মিরপুর শেরে বাংলা জাতীয় স্টেডিয়ামে শুক্রবার টস জিতে ব্যাটিং বেছে নেয় কিউইরা। ওপেনার ফিল অ্যালেনের ব্যাটে দুর্দান্ত শুরু পায় দলটি। পরে অধিনায়ক টম ল্যাথাম তুলে নেন অপরাজিত ফিফটি।
সুবাদে নির্ধারিত ২০ ওভারে ৫ উইকেটে ১৬১ রানের পুঁজি পায় সফরকারী দল। চলতি সিরিজে এটিই সর্বোচ্চ দলীয় সংগ্রহ।
তিন নম্বরে খেলতে নামা ল্যাথাম ৩৭ বলে ২টি করে চার ও ছক্কায় অপরাজিত ৫০ রান করেন। ওপেনার অ্যালেন ২৪ বলে ৪১ রানের বিস্ফোরক ইনিংস খেলেন। ৪টি চারের সঙ্গে হাঁকান ৩ ছক্কা।
হেনরি নিকোলস ২১ বলে ২০ ও কোল ম্যাকনকি ১০ বলে অপরাজিত ১৭ রান করেন।
অ্যালেন ও রাচিন রবিন্দ্র এদিন উদ্বোধনী জুটিতেই ৫৮ রান যোগ করেন। ষষ্ঠ ওভারে রাচিনকে ফিরিয়ে জুটি ভাঙেন শরিফুল ইসলাম। দুই বল পরই অ্যালেনকেও বোল্ড করেন সিরিজে প্রথম ম্যাচ খেলতে নামা এই পেসার।
এই দুজন ফেরার পর ল্যাথাম টেনে নিয়ে যান দলকে। তাকে যোগ্য সহায়তা দেন নিকোলস ও ম্যাকনকি। ল্যাথাম-নিকোলস পঞ্চম উইকেট জুটিতে আসে ৩৫ রান। অবিচ্ছিন্ন ষষ্ঠ উইকেট জুটিতে ২১ বলে ৪৩ রান যোগ করেন ল্যাথাম ও ম্যাকনকি।
বাংলাদেশের পক্ষে ২ উইকেট নিয়ে শরিফুলই সবচেয়ে সফল। ১টি করে উইকেট নিয়েছেন তাসকিন আহমেদ, নাসুম আহমেদ ও আফিফ হোসেন।
বাংলাদেশ অবশ্য এরই মধ্যে সিরিজ নিশ্চিত করে ফেলেছে। প্রথম দুই ম্যাচ জিতে নেওয়ার পর চতুর্থ ম্যাচ জিতে সিরিজ নিশ্চিত করে বাংলাদেশ। মাঝে তৃতীয় টি-টোয়েন্টিতে জয় পেয়েছিল নিউজিল্যান্ড। এই ম্যাচ জিততে পারলে ৩-২ এ সিরিজ শেষ করবে দলটি।
