আফগানিস্তানে এবার তালেবানের সমর্থনে বিক্ষোভ প্রদর্শন করেছে নারীরা। গতকাল শনিবার কাবুলের একটি বিশ্ববিদ্যালয়ের লেকচার থিয়েটারে সারিবদ্ধভাবে বসে তালেবানের প্রতি নিজেদের সমর্থনের কথা জানায় নেকাব পরিহিত একদল নারী। এদিনের কর্মসূচিতে হাজির হওয়া প্রায় ৩০০ নারীর সবার পা থেকে মাথা পর্যন্ত ঢাকা ছিল। ছাত্রীদের নতুন ড্রেস কোডেও এমন পোশাকের কথা বলা হয়েছে।
তালেবানের পতাকা হাতে এদিনের কমর্সূচিতে অংশ নেন নারীরা। কয়েকজন নীল রঙের বোরকা পরলেও বেশিরভাগেরই পরনে ছিল কালো বোরকা ও নেকাব। অনেককে হাতমোজাও পরতে দেখা যায়। বক্তারা তাদের বক্তব্যে পশ্চিমাদের বিরুদ্ধে ক্ষোভ প্রকাশ করেন এবং ইসলামপন্থিদের নীতির প্রতি সমর্থন প্রকাশ করেন।
কাবুলের শহীদ রাব্বানি এডুকেশন ইউনিভার্সিটিতে আয়োজিত এদিনের কর্মসূচির আয়োজকরা জানিয়েছেন, শিক্ষার্থীরা তাদের বক্তব্য মনোযোগ সহকারে শুনেছে। মঞ্চে তালেবানের বিশাল আকৃতির পতাকার সামনে দাঁড়িয়ে নারী বক্তারা সাম্প্রতিক সময়ে নারীদের তালেবানবিরোধী বিক্ষোভের সমালোচনা করেন। বিনা অনুমতিতে বিক্ষোভ নিষিদ্ধের সরকারের উদ্যোগকে স্বাগত জানান তারা।
আপাদমস্তক ঢাকা প্রথম বক্তা বলেন, ‘আমরা সেই নারীদের বিরুদ্ধে যারা রাস্তায় বিক্ষোভ করে বলছে তারা নারীদের প্রতিনিধি।’
