নারায়ণগঞ্জের সোনারগাঁ উপজেলা পরিষদ উপনির্বাচনে নৌকার মনোনয়ন পেয়েছেন সোনারগাঁ আওয়ামী লীগের আহ্বায়ক শামসুল ইসলাম ভূঁইয়া। গতকাল শনিবার দুপুরে আওয়ামী লীগের কেন্দ্রীয় কার্যালয়ে শামসুল ইসলাম ভূঁইয়ার হাতে দলীয় মনোনয়নপত্র তুলে দেওয়া হয়।
গত ২২ জুলাই সোনারগাঁ উপজেলা পরিষদ চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা মোশারফ হোসেন মৃত্যুবরণ করলে নির্বাচন কমিশন এখানে উপনির্বাচনের তারিখ ঘোষণা করে। আগামী ৭ অক্টোবর এ উপজেলা পরিষদে ভোট হওয়ার কথা। উপনির্বাচনে আটজন নৌকা প্রতীকের দাবিদার ছিলেন। আইনজীবী শামসুল ইসলাম ভূঁইয়া ৫৭ বছর ধরে আওয়ামী লীগের রাজনীতির সঙ্গে জড়িত।
অপরদিকে, মৌলভীবাজারের শ্রীমঙ্গল উপজেলা পরিষদের চেয়ারম্যান পদে উপনির্বাচনে আওয়ামী লীগের নৌকার মনোনয়ন পেয়েছেন ভানু লাল রায়। ভানু লাল শ্রীমঙ্গল উপজেলা আওয়ামী লীগের অর্থ সম্পাদক ও সদর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান হিসেবে দায়িত্বে রয়েছেন।
গতকাল শনিবার সকালে প্রধানমন্ত্রী শেখ হাসিনার সরকারি বাসভবন গণভবনে বাংলাদেশ আওয়ামী লীগের সংসদীয় ও স্থানীয় সরকার জনপ্রতিনিধি মনোনয়ন বোর্ডের যৌথসভা থেকে ভানু লাল রায়ের নাম প্রকাশ করা হয়।
