খুলনায় ট্রেনের ধাক্কায় আনোয়ার হোসেন ভোলা নামের পঞ্চাশোর্ধ্ব এক ব্যক্তির মৃত্যু হয়েছে। গতকাল শনিবার দুপুর ১টার দিকে নগরীর ফুলবাড়িগেটসংলগ্ন রেলক্রসিং এলাকায় এ দুর্ঘটনা ঘটে। নিহত আনোয়ার হোসেন ভোলা বাক ও শ্রবণ প্রতিবন্ধী ছিলেন। তিনি মহেশ্বরপাশা বণিকপাড়া এলাকার মৃত আব্দুর রহিমের ছেলে।
নগরীর খানজাহান আলী থানার এসআই আসাদ জানান, শনিবার দুপুর ১টার দিকে আনোয়ার হোসেন ভোলা ফুলবাড়িগেট বাজারের ভেতরে একটি গলি দিয়ে রেলক্রসিংয়ের উত্তর পাশে একটি গ্যারেজের দিকে যাচ্ছিলেন। এ সময় যশোর থেকে খুলনাগামী একটি ট্রেন তাকে ধাক্কা দেয়। এতে তার মাথা ফেটে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। পুলিশ তার লাশ উদ্ধার করে জিআরপি থানায় কাছে হস্তান্তর করেছে।
