মির্জাপুরে নৌকায় করে স্কুলে ফিরল শিক্ষার্থীরা

আপডেট : ১২ সেপ্টেম্বর ২০২১, ০৩:১০ পিএম

করোনা মহামারির কারণে দীর্ঘ প্রায় দেড় বছর পর টাঙ্গাইলের মির্জাপুরে দুটি বাদে সকল শিক্ষাপ্রতিষ্ঠান খুলেছে। সরকার নির্দেশিত স্বাস্থ্যবিধি মেনে চলেছে ক্লাস।

দীর্ঘদিন পর শিক্ষার্থীদের পদচারণায় শিক্ষাপ্রতিষ্ঠানগুলি মুখরিত হয়ে উঠে। তবে বন্যাকবলিত হওয়ায় অনেক শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষক ও শিক্ষার্থীদের নৌকাযোগে যাতায়াত করতে দেখা গেছে।

জানা গেছে, উপজেলার ১টি পৌরসভা ও ১৪ টি ইউনিয়নে ১৭০টি প্রাথমিক, ৫৪টি মাধ্যমিক, ১৪টি মাদ্রাসা ও ৮টি কলেজ রয়েছে।

করোনা মহামারির কারণে গত বছর মার্চ মাস থেকে সরকার সকল শিক্ষাপ্রতিষ্ঠান বন্ধ ঘোষণা করে। দীর্ঘ দেড় বছর বন্ধ থাকার পর আজ রবিবার সরকার নির্দেশিত স্বাস্থ্যবিধি মেনে সকল শিক্ষাপ্রতিষ্ঠান খুলেছে।

তবে বন্যকবলিত হওয়ায় মির্জাপুর মহিলা কলেজ ও আলহাজ শফি উদ্দিন মিঞা অ্যান্ড একাব্বর হোসেন টেকনিক্যাল স্কুল ও কলেজ খোলা সম্ভব হয়নি বলে জানা গেছে।

image

মির্জাপুর সরকারি এস কে পাইলট মডেল উচ্চ বিদ্যালয়ের শিক্ষার্থী মাফিয়া, রাবিয়া, অমৃত ঘোষ বলেন, দীর্ঘদিন পর স্কুলে আসতে পেরে আমরা খুবই আনন্দিত।

উপজেলা শিক্ষা কর্মকর্তা মো. আলমগীর হোসেন বলেন, ১৭০টি প্রাথমিক বিদ্যালয়ের মধ্যে ৯৩টি স্কুল বন্যাকবলিত। তবে রবিবার সকল স্কুলেই কমবেশি ক্লাস হয়েছে। কুইচতারা সরকারি প্রাথমিক বিদ্যালয়, মারিশন সরকারি প্রাথমিক বিদ্যালয়সহ অনেক স্কুলেই শিক্ষার্থীরা নৌকাযোগে স্কুলে যাতায়াত করেছে বলে তিনি জানান।

উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা মো. হারুন অর রশিদ বলেন, দুটি কলেজ বাদে সকল শিক্ষাপ্রতিষ্ঠানে রবিবার ক্লাস হয়েছে। তবে যেসব শিক্ষাপ্রতিষ্ঠান আংশিক বন্যাকবলিত সেখানে ভাড়া করা নৌকাযোগে শিক্ষার্থীদের যাতায়াতের ব্যবস্থা করা হয়েছে।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত