সামাজিক যোগযোগ মাধ্যমে বিপুল জনপ্রিয় আলোচিত-সমালোচিত তারকা হিরো আলম এবার বিয়ের পাত্রী দেখার অনুষ্ঠান আয়োজন নিয়ে কথা বলেছেন।
রবিবার নিজের ফেইসবুক পেজে বাংলার চিরাচরিত বিয়ের কনে দেখা অনুষ্ঠানের একটি ছবি দিয়ে তিনি লেখেন, ‘একটা মেয়েকে দেখে আসার পর যদি মেয়েটা জানতে পারে আপনি তাকে পছন্দ করেননি, তাহলে মেয়েটা সত্যিই খুব কষ্ট পায়’।
হিরো আলম লেখেন, ‘একটি মেয়ে কারো সন্তান, কারো বোন, তাই পণ্যের মতো মনে করে এভাবে আনুষ্ঠানিকতা করে না দেখা উচিত। প্রয়োজন হলে গোপনে দেখে নিন, সহজ কোনো মাধ্যমে বা মেয়ের নিকট আত্মীয়ের মাধ্যমে দেখা-পরিচিত হোন’।
‘এভাবে কাউকে কষ্ট দিবেন না’।
‘কোনো মেয়েকে দেখতে যাওয়ার আগে তার সম্পর্কে ভালো করে জেনে নিন’।
‘যদি মনে করেন, আপনার সঙ্গে তার বিয়ে হয়ে যাওয়ার সম্ভাবনা বেশি তবেই তাকে দেখতে যাবেন’।
‘প্লিজ কেউ খারাপ মাইন্ডে নিবেন না’।
সামাজিক যোগাযোগ মাধ্যমে হিরো আলমের জনপ্রিয়তা অনেকেই ছাড়িয়ে গেছেন। ফেইসবুক, ইউটিউবে তিনি গান ও সিনেমা মুক্তি দিয়ে থাকেন। যার প্রতিটির ভিউ কয়েক মিলিয়ন ছাড়িয়ে যায়। বিভিন্ন ভাষায় গান গেয়েও তিনি নেটিজেনদের ব্যস্ত রাখেন।
আলোচিত এ চরিত্র একাদশ জাতীয় সংসদ নির্বাচনে বগুড়া-৪ (কাহালু-নন্দীগ্রাম) আসনের প্রার্থী ছিলেন আশরাফুল আলম ওরফে হিরো আলম। তিনি প্রথমে জাতীয় পার্টি থেকে মনোনয়নপত্র কেনেন। কিন্তু চূড়ান্ত পর্যায়ে দলটি তাকে মনোনয়ন দেয়নি।
এরপর হিরো আলম স্বতন্ত্র প্রার্থী হিসেবে নির্বাচনে নামার ঘোষণা দেন। কিন্তু নানা নাটকীয়তার পর তাকে নির্বাচনের মাঠে নামতে হয়।
ওই নির্বাচনে তিনি ৬৩৮ ভোট পান।
