চট্টগ্রামে সর্বশেষ ২৪ ঘণ্টায় করোনাভাইরাসে সংক্রমিত হয়ে ৬ ব্যক্তির মৃত্যু হয়েছে। এই সময়ে নতুন করে ৬৪ জনের শরীরে করোনা শনাক্ত হয়েছে। পরীক্ষার বিপরীতে করোনা শনাক্তের হার ৪ শতাংশ।
সোমবার চট্টগ্রাম জেলা সিভিল সার্জন কার্যালয় থেকে গণমাধ্যমে পাঠানো প্রতিবেদনে এ তথ্য জানানো হয়।
চট্টগ্রাম জেলা সিভিল সার্জন কার্যালয়ের তথ্যানুযায়ী, গত ২৪ ঘণ্টায় চট্টগ্রামে ১ হাজার ৪৩০ জনের নমুনা পরীক্ষা করা হয়।
গত ২৪ ঘণ্টায় শনাক্ত ব্যক্তিদের মধ্যে নগরের ৩৮ জন। নগরের বাইরের বিভিন্ন উপজেলার ২৬ জন।
২৪ ঘণ্টায় মারা যাওয়া ছয় ব্যক্তি একজন শহরের। বাকি পাঁচজন বিভিন্ন উপজেলার বাসিন্দা।
আগের দিন চট্টগ্রামে ৫৩ জনের করোনা শনাক্ত হয়। পরীক্ষার তুলনায় করোনা শনাক্তের হার ছিল ৫। এদিন জেলায় করোনায় তিনজনের মৃত্যু হয়।
সরকারি হিসাবে, চট্টগ্রামে এখন পর্যন্ত করোনায় সংক্রমিত হয়ে মারা গেছেন ১ হাজার ২৭৪ জন। করোনা শনাক্ত হয়েছে ১ লাখ ৮৬৫ জনের।
এদিকে জাতীয় পর্যায়েও করোনার সংক্রমণ কমছে। দেশে টানা ৯ দিন ধরে নমুনা পরীক্ষার বিপরীতে রোগী শনাক্ত ১০ শতাংশের নিচে।
