সাফেই বাংলাদেশ দলে অভিষেক হচ্ছে কিংসলির!

আপডেট : ১৩ সেপ্টেম্বর ২০২১, ১০:৫২ এএম

অনেকদিন ধরে গুঞ্জন চলছে, বাংলাদেশ জাতীয় ফুটবল দলে খেলতে পারেন নাইজেরিয়ায় জন্ম নেওয়া এলিটা কিংসলি।এবার যেন তা সত্যি হতে চলেছে।

প্রথমবারের মতো জাতীয় দলের প্রাথমিক তালিকায় নাম উঠেছে বসুন্ধরা কিংসের হয়ে খেলা এই ফরোয়ার্ডের। তবে বাংলাদেশি নাগরিক হিসেবে আন্তর্জাতিক ম্যাচ খেলার জন্য অপেক্ষা করতে হচ্ছে কিংসলিকে। এখনো ফিফার ছাড়পত্র পাননি তিনি।  

অবশ্য কিংসলির ব্যাপারে দ্রুত ছাড়পত্র পাওয়ার বিষয়ে আশাবাদী বাংলাদেশ ফুটবল ফেডারেশন (বাফুফে)। আর তা আসতে পারে এই সপ্তাহেই। যার কারণে সাফ চ্যাম্পিয়নশিপের জন্য জাতীয় দলের ৩৫ জনের প্রাথমিক তালিকায় রয়েছে কিংসলির নাম।  

বাফুফে সূত্রে জানা গেছে, সাফের জন্য ৩৫ সদস্যের যে প্রাথমিক দল ঠিক করা হয়েছে, তাতে রাখা হয়েছে কিংসলিরও। এখন শুধু ফিফার ছাড়পত্রের অপেক্ষা। এরপর কোচ জেমি ডে তার চাহিদা অনুযায়ী সিদ্ধান্ত নেবেন এলিটার ব্যাপারে।

গত মার্চে বাংলাদেশের নাগরিকত্ব পান কিংসলি। বাংলাদেশ প্রিমিয়ার লিগের দ্বিতীয় পর্বে স্থানীয় ফুটবলার হিসেবে এই ৩১ বছর বয়সী ফরোয়ার্ডকে দলে নেয় বসুন্ধরা কিংস।

বাংলাদেশের নাগরিক হিসেবে আন্তর্জাতিক ম্যাচ খেলার জন্য ফিফা ও এএফসির যে ছাড়পত্রের প্রয়োজনের দরকার হয়, কিংসলির ব্যাপারে তা এখনো পায়নি বাফুফে। তবে বোর্ড এই ব্যাপারে বিভিন্ন চিঠি আদান-প্রদান করেছে। ইতোমধ্যে ফিফা বিষয়টির দায়িত্বভার দিয়েছে এএফসিকে। বাফুফে আশাবাদী, এশিয়ান ফুটবলের সর্বোচ্চ সংস্থার ছাড়পত্র পাওয়ার ব্যাপারে।

বাংলাদেশ দলে এরই মধ্যে বাংলাদেশি বংশোদ্ভূত ফুটবলার রয়েছেন তিনজন। জামাল ভূঁইয়া ও তারেক কাজীর পর যুক্ত হয়েছেন কানাডা থেকে ফেরা মিডফিল্ডার রাহবার ওয়াহেদ খান। কিংসলি যুক্ত হলে আক্রমণভাগে বাংলাদেশের ব্যর্থতার লাঘব হবে বলে মনে করছেন অনেকে।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত