সাভারে সাংবাদিকের উপর হামলা, মামলা নেয়নি পুলিশ

আপডেট : ১৩ সেপ্টেম্বর ২০২১, ০২:৩৩ পিএম

সাভারে মহাসড়ক দখল করে ‘অবৈধভাবে ফুটপাত বসিয়ে চাঁদাবাজির’ সংবাদ সংগ্রহকালে হামলার শিকার হয়েছেন যুগান্তরের নিজস্ব প্রতিবেদক মতিউর রহমান ভান্ডারী। রবিবার দুপুর ১২টার দিকে সাভার নিউ মার্কেটের সামনে এ হামলার ঘটনা ঘটে।

অভিযোগ রয়েছে, এ ঘটনায় তাৎক্ষণিক আব্দুল খালেক মোল্লা নামে একজনকে আটক করলও রহস্যজনক কারণ মামলা নিতে গড়িমসি করছে সাভার মডেল থানা-পুলিশ।

ভুক্তভোগীর অভিযোগ, তাকে ৭ ঘটা বসিয়ে রেখেও অবশেষে মামলা নেয়া হয়নি।

ভুক্তভোগী ও প্রত্যক্ষদর্শী সূত্রে জানা গেছে, ঢাকা-আরিচা মহাসড়কের সাভার বাজার বাসস্ট্যান্ড এলাকায় নিউ মার্কেট শপিং মলের সামনে মহাসড়কের জমি দখল করে শতাধিক অস্থায়ী দোকান বসানো হয়েছে।

অভিযোগ রয়েছে, এসব দোকান থেকে নিউমার্কেট ব্যবসায়ী সমিতির সভাপতি, সাধারণ সম্পাদক ও ম্যানেজার তিনজন মিল মোটা অঙ্কের চাঁদা আদায় করছেন।

রবিবার দুপুরে সেখানে ছবি তুলতে গেলে নিউমার্কেট কর্তৃপক্ষের নির্দেশে মার্কেটের সিকিউরিটি গার্ডসহ একদল দুর্বৃত্ত সাংবাদিক মতিউরের ওপর অতর্কিত হামলা চালায়। পরে স্থানীয় লোকজন এগিয়ে এলে সটকে পড়ে হামলাকারীরা।

খবর পেয়ে সাভার মডেল থানা-পুলিশ ঘটনাস্থল থেকে আব্দুল খালেক নামে শপিংমলের এক নিরাপত্তা কর্মীকে আটক করে থানায় নিয়ে যায়। 

এদিকে খবর পেয়ে স্থানীয় সাংবাদিকরা ভুক্তভোগী মতিউর রহমানকে উদ্ধার করে তাৎক্ষণিক সাভার উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। সেখানকার চিকিৎসকরা জানান, হামলায় তার বাম কান মারাত্মক ক্ষতিগ্রস্ত হয়েছে।

ভুক্তভোগী সাংবাদিক মতিউর রহমান জানান, ঘটনার পর সাভার মডেল থানা-পুলিশ একজনকে আটক করলেও রহস্যজনক কারণে এ ঘটনায় মামলা নিতে গড়িমসি করছে।

তিনি অভিযোগ করে বলেন, এ ঘটনায় পুলিশ মামলা নেয়ার আশ্বাস দিলেও আমাকে প্রায় ৬/৭ ঘটা বসিয়ে রেখেও মামলা নিতে চায়নি।

রবিবার সন্ধ্যায় সাভার মডেল থানার ওসি কাজী মাঈনুল ইসলাম আমাকে লিখিত অভিযোগ থেকে মার্কেট কর্তৃপক্ষের নাম কেটে পুনরায় অভিযোগ দিতে বলেন। 

এ ব্যাপারে যোগাযোগ করা হলে ঢাকা জেলা পুলিশের অতিরিক্ত পুলিশ সুপার (অপরাধ) আব্দুল্লাহিল কাফি বলেন, বিষয়টি আমি শুনেছি, আমরা অভিযোগটি খতিয়ে দেখছি। মামলা নেয়া হচ্ছে না তা নয়, অভিযোগে কিছু নাম রয়েছে, সেগুলা পর্যালোচনা করতে খানিকটা সময় লাগছে। 

×
সর্বশেষ সর্বাধিক পঠিত