শাহজাদপুরে গুচ্ছগ্রামের ১৩০ বাড়িঘর যমুনার গর্ভে

আপডেট : ১৪ সেপ্টেম্বর ২০২১, ০৮:৫৭ পিএম

এ বছর সিরাজগঞ্জের শাহজাদপুর উপজেলার জালালপুর ইউনিয়নের পাকুরতলা গুচ্ছগ্রামের ৬০টি সহ মোট ১৩০টি অসহায় পরিবারের বাড়িঘর যমুনা নদীর ভাঙনে বিলীন হয়ে গেছে।

এর মধ্যে বন্যার পানি কমতে থাকায় গত দুই/তিন দিনে গুচ্ছগ্রামের ১৫টি বাড়িঘর ও বহু গাছপালা নদীগর্ভে বিলীন হয়েছে। এসব বাড়িঘরের অসহায় মানুষ সর্বস্ব হারিয়ে পথে বসেছে। তাদের পাশে এখনো কেউ দাঁড়ায়নি। ফলে তারা ভাসমান জীবন যাপন করছে। অনেকে আত্মীয়স্বজন বা সড়কের ধারে স্ত্রী-সন্তান নিয়ে মানবেতর জীবন যাপন করছেন। তারা খাবার সংকটেও পড়েছে।

এ বিষয়ে পাকুরতলা গুচ্ছগ্রামের সভাপতি আশরাফ আলী বলেন, এ গুচ্ছগ্রামের ৫টি প্রকল্পের আওতায় ৪৫০টি ভাসমান পরিবার মাথা গোঁজার ঠাঁই পায়। এর মধ্যে এ বছর যমুনা নদীর ভাঙনে ৬০টি পরিবারের বাড়িঘর নদীগর্ভে বিলীন হয়ে গেছে।

তিনি আরও বলেন, মাথা গোঁজার ঠাঁই হারিয়ে ছিন্নমূলে পরিণত হওয়া মানুষের পাশে এখনো কেউ এসে দাঁড়ায়নি। ফলে তারা খেয়ে না খেয়ে অসহায় ও মানবেতর জীবন যাপন করছে। এ বিষয়ে সরকারের সুদৃষ্টি কামনা করেছেন তিনি।

ওই গ্রামের বাসিন্দারা জানান, সরকার আমাদের মাথা গোঁজার ঠাঁই করে দিয়েছিল। রাক্ষসী যমুনায় আমাদের বাড়িঘর বিলীন হওয়ায় আমরা আবারও পথের ভিখারিতে পরিণত হয়েছি। সরকার আবারও যেন আমাদের স্থায়ী আশ্রয়ের ব্যবস্থা করে দেন। 

অপরদিকে শাহজাদপুর উপজেলার খুকনি ইউনিয়নের ব্রাহ্মণগ্রাম ও আরকান্দি গ্রামের অর্ধ শতাধিক পরিবার এখনো পানিবন্দী জীবন যাপন করছেন। এসব অসহায় মানুষদের ভাগ্যে এখনো জোটেনি কোন খাদ্য সামগ্রী। তারা এখনো চৌকি ও মাচায় বসবাস করছেন।

এ বিষয়ে শাহজাদপুর উপজেলা নির্বাহী অফিসার শাহ মো. শামসুজ্জোহা বলেন, যমুনায় বিলীন হয়ে যাওয়া পাকুরতলা গুচ্ছগ্রামের ১৩০টি অসহায় পরিবারের তালিকা করা হয়েছে। তাদের জন্য নতুন আবাসন নির্মাণের বরাদ্দ চেয়ে ঊর্ধ্বতন কর্তৃপক্ষের কাছে আবেদন করা হয়েছে। বরাদ্দ পেলে তাদের আবারও স্থায়ী আবাসনের ব্যবস্থা করে দেওয়া হবে।

 

 তিনি আরও বলেন, ভাঙনরোধে সিরাজগঞ্জ পানি উন্নয়ন বোর্ডকে ব্যবস্থা নিতে বলা হয়েছে। আশা করি তারা দ্রুত সময়ের মধ্যে এ বিষয়ে পদক্ষেপ নেবেন।

এ বিষয়ে সিরাজগঞ্জ পানি উন্নয়ন বোর্ডের নির্বাহী প্রকৌশলী শফিকুল ইসলাম বলেন, ভাঙনের বিষয়টি শুনেছি। সরেজমিনে পরিদর্শন করে ভাঙনরোধে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত