কিরগিজস্তান সফরে দুজন প্রবাসী ফুটবলারকে স্কোয়াডে রেখেছিলেন জেমি ডে। যাদের একজন- কানাডা প্রবাসী রাহবার ওয়াহেদ খানের অভিষেকও হয়েছে বাংলাদেশের জার্সিতে। এবার সাফ চ্যাম্পিয়নশিপের প্রাথমিক দলে আরো এক প্রবাসী ফুটবলারকে দলে ডাকতে যাচ্ছেন বাংলাদেশের ইংলিশ কোচ।
সূত্রের খবর, নতুন ডাক পেতে যাওয়া ফুটবলারের নাম ইউসুফ জুলকারনাইন। তিনি ইংল্যান্ড প্রবাসী। ১৮ বছর বয়সী এই ফুটবলার ইংল্যান্ডের ইপ্সউইচ টাউন এফসির অনূর্ধ্ব-১৮ ও ২৩ দলের খেলোয়াড়।
সাফ চ্যাম্পিয়নশিপ হবে মালদ্বীপে। জানা গেছে, জুলকারনাইনকে মালদ্বীপে পাঠানোর সরকারি অনুমতি (জিও) পাওয়ার চেষ্টা করছে বাফুফে। জাতীয় ক্রীড়া পরিষদের একটি সূত্র জানিয়েছে, ইতিমধ্যেই বাফুফে ইউসুফ জুলকারনাইনকে খেলার অনুমতি দিতে আবেদনও করেছে।
এদিকে বাংলাদেশের নাগরিকত্ব পাওয়া নাইজেরিয়ান ফুটবলার এলিটা কিংসলেকেও রাখা হচ্ছে সাফের প্রাথমিক দলে। তাকে খেলানোর ছাড়পত্র পেতে ফিফা ও এএফসির সঙ্গে নিয়মিত যোগাযোগ রেখে যাচ্ছে বাফুফে।
কিরগিজস্তান সফরে রাহবারের অভিষেক হলেও ফ্রান্স প্রবাসী তাহমিদ ইসলামের লাল-সবুজের জার্সি গায়ে জড়ানোর অপেক্ষা বাড়ছে। পুরোপুরি ফিট না হওয়ায় তাকে বিশকেক থেকেই বিদায় করে দেয়া হয়েছে।
বাংলাদেশ জাতীয় ফুটবল দলে এখন তিনজন প্রবাসী ফুটবলার রয়েছেন। জামাল ভূঁইয়া ও তারিক কাজীর পর সবশেষ কিরগিজস্তান সফরে লাল-সবুজের জার্সিতে অভিষেক হয় কানাডা প্রবাসী রাহবার ওয়াহেদ খানের।
