হানিফ ফ্লাইওভারে বাস ধাক্কায় অটোরিকশা উল্টে আহত ৫

আপডেট : ১৬ সেপ্টেম্বর ২০২১, ০২:৪৫ পিএম

রাজধানীর যাত্রাবাড়ী মেয়র হানিফ ফ্লাইওভারে যাত্রীবাহী বাসের ধাক্কা সিএনজিচালিত অটোরিকশা উল্টে চালকসহ পাঁচজন আহত হয়েছে। তাদেরকে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে চিকিৎসা দেওয়া হচ্ছে।

বৃহস্পতিবার দুপুর ১২টার দিকে এ দুর্ঘটনা ঘটে। ঘটনার পরপরই মৌমিতা পরিবহনের বাসটিকে জব্দ করেছে পুলিশ।

আহতরা হলেন- অটোরিকশা চালক মহির উদ্দিন (৩৬), ঢাকা পাওয়ার ডিস্ট্রিবিউশন কোম্পানির (ডিপিডিসি) গাড়িচালক জয়নাল আবেদীন জিতু (৫৫), তার স্ত্রী ফেরদৌসী বেগম (৪৫), লাইনম্যান কবির আকন্দ (৫৮) ও পিয়ন মালতি রায় চৌধুরী (৫০)।

অটোরিকশা চালক মহির উদ্দিন জানান, তাদের চারজনকে খিলগাঁও তালতলা থেকে জুরাইনে নিয়ে যাচ্ছিলেন। পথে যাত্রাবাড়ী মেয়র হানিফ ফ্লাইওভারের ওপরে মৌমিতা পরিবহন একটি বাস পেছন থেকে অটোরিকশাটিকে ধাক্কা দেয়।

এতে অটোরিকশা উল্টে গেলে তারা আহত হন। পরে পথচারীরা তাদের উদ্ধার করে ঢাকা মেডিকেলে নিয়ে যায় বলে তিনি জানান।

ঢাকা মেডিকেলে তাদের সঙ্গে থাকা ডিপিডিসির লাইনম্যান আব্দুল আলিম জানান, খিলগাঁও তালতলা এলাকায় আজ তাদের অফিস স্টাফদের নির্বাচন হচ্ছিল। সেখানে থেকে সিএনজিযোগে বাসায় ফেরার পথে তারা চারজন এই দুর্ঘটনার শিকার হন।

দুর্ঘটনায় মালতির মাথায়, ফেরদৌসির দুই পা ও কোমড়সহ শরীরের বিভিন্ন জাগায় আঘাত পেয়েছেন। বাকিদেরও শরীরের বিভিন্ন জায়গায় আঘাত রয়েছে।

যাত্রাবাড়ী থানার অফিসার ইনচার্জ (ওসি) মাজহারুল ইসলাম জানান, ফ্লাইওভারের ওপরে বাস ধাক্কায় সিএনজি আরোহী আহত হন। তাদের হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে। দুর্ঘটনার পরপরই মৌমিতা পরিবহনের বাসটি জব্দ করা হয়েছে।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত