নোয়াখালীর বেগমগঞ্জ উপজেলার চৌমুহনী পৌরসভা এলাকায় রিকশা ভাড়া নিয়ে বাগ্বিতণ্ডার জেরে মোরশেদ আলম নামের এক যাত্রীর ধারালো দা’য়ের আঘাতে আবুল হোসেন (৩৭) নামের এক রিকশা চালক খুনের অভিযোগ পাওয়া গেছে।
বৃহস্পতিবার দুপুর ২টার দিকে গণিপুর এলাকায় এ ঘটনা ঘটে। নিহত আবুল হোসেন ওই এলাকার চাঁন মিয়ার ছেলে।
ঘটনার পর পালিয়ে যাওয়ায় মোরশেদকে আটক করা সম্ভব হয়নি। তবে দ্রুত সময়ের মধ্যে তাকে আটকের চেষ্টা চলছে বলে জানিয়েছে পুলিশ।
স্থানীয় সূত্রে জানা গেছে, ব্যাটারিচালিত অটোরিকশা চালক আবুল হোসেন ও যাত্রী মোরশেদ আলম একই এলাকার বাসিন্দা, দু’জনের বাড়ি পাশাপাশি।
বৃহস্পতিবার দুপুরে চৌমুহনী বাজার থেকে নিজ বাড়ির উদ্দেশ্যে আসার জন্য আবুল হোসেনের রিকশায় ওঠে মোরশেদ। বাড়ির সামনে এসে রিকশা ভাড়া নিয়ে দু’জন বাকবির্তকে জড়িয়ে পড়ে। একপর্যায়ে নিজের হাতে থাকা বাজারের ব্যাগ থেকে একটি ধারালো দা বের করে আবুল হোসেনকে এলোপাতাড়ি কোপাতে থাকেন মোরশেদ। এতে আবুল হোসেন অচেতন হয়ে সড়কের ওপর পড়ে গেলে মোরশেদ পালিয়ে যায়।
পরে পরিবারের লোকজন হোসেনকে দ্রুত উদ্ধার করে নোয়াখালী জেনারেল হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
বেগমগঞ্জ মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কামরুজ্জামান সিকদার জানান, ঘটনার পর থেকে মোরশেদকে আটকের জন্য পুলিশের অভিযান চলছে। ঘটনায় একটি হত্যা মামলা দায়ের করা হবে।
