বিশ্বকাপের আগে ওমরাহ করতে গেলেন ৭ ক্রিকেটার

আপডেট : ১৬ সেপ্টেম্বর ২০২১, ১১:১৭ পিএম

নিউজিল্যান্ডের বিপক্ষে সিরিজ শেষে আপাতত ছুটিতে রয়েছেন জাতীয় দলের ক্রিকেটাররা। বিশ্বকাপের আগে নিজেদের মতো করে কটা দিন সময় কাটানোর সুযোগ মিলেছে তাদের। সেই সুযোগেই জাতীয় দলের ৬ ক্রিকেটারসহ মোট ৭ ক্রিকেটার গেলেন ওমরাহ করতে।

বৃহস্পতিবার ওমরাহ করতে সৌদি আরব গেছেন বিশ্বকাপের দলে থাকা- তাসকিন আহমেদ, নুরুল হাসান সোহান, আফিফ হোসেন ধ্রুব, মোহাম্মদ নাঈম শেখ ও মোহাম্মদ সাইফউদ্দিন।

এই পাঁচজনের সঙ্গে গেছেন তাইজুল ইসলাম ও উইকেটকিপার ব্যাটসম্যান জাকির হোসেনও। তাসকিনের বাবাও রয়েছেন তাদের সঙ্গে। ওমরাহ শেষে ২২ সেপ্টেম্বর দেশে ফেরার কথা তাদের।

১৭ অক্টোবর ওমান ও সংযুক্ত আরব আমিরাতে শুরু হবে টি-টোয়েন্টি বিশ্বকাপ। বাংলাদেশের আনুষ্ঠানিক প্রস্তুতি ক্যাম্প হওয়ার কথা ওমানে গিয়ে। প্রথম পর্বে সেখানেই নিজেদের তিনটি ম্যাচ টাইগারদের। তাই একটু আগেভাগেই ওমান যাবে বাংলাদেশ দল।

৩ অক্টোবর ওমানে গিয়ে এক দিনের কোয়ারেন্টিন করে এক সপ্তাহের অনুশীলন ক্যাম্প করবে বাংলাদেশ। এরপর বিশ্বকাপের জৈব সুরক্ষাবলয়ে প্রবেশ করবে মাহমুদউল্লাহ রিয়াদের দল।

বিশ্বকাপের প্রথম পর্বে ‘বি’ গ্রুপে থাকা বাংলাদেশ উদ্বোধনী দিনেই মাঠে নামবে। প্রতিপক্ষ স্কটল্যান্ড। ১৯ অক্টোবর ওমান ও ২১ অক্টোবর পাপুয়া নিউগিনির বিপক্ষে ম্যাচ তাদের।

প্রথম পর্বের দুই গ্রুপে থেকে সেরা দুটি করে দল অর্থাৎ মোট চারটি দল সুপার টুয়েলভে খেলবে। র‌্যাঙ্কিংয়ের সেরা ৮দল সরাসরি খেলবে সেই পর্বে।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত