বগুড়ায় বাসের ধাক্কায় অটোরিকশার দুই আরোহী নিহত, আহত ৫

আপডেট : ১৭ সেপ্টেম্বর ২০২১, ০৩:২৪ পিএম

বগুড়ায় বাসের ধাক্কায় ব্যাটারিচালিত অটোরিকশার আরোহী দুই নারী নিহত হয়েছেন। আহত হয়েছেন আরও পাঁচজন।

শুক্রবার সকাল সাড়ে ৮টার দিকে বগুড়া শহরতলীর ঝোপগাড়ি এলাকায় বগুড়া-রংপুর মহাসড়কে এ দুর্ঘটনা ঘটে।

নিহতরা হলেন- বগুড়া সদরের শাখারিয়া ইউনিয়নের নামাবালা গ্রামের রফিকের স্ত্রী আনোয়ারা বেগম আনো (৪৫) ও আজাহার আলীর স্ত্রী হামিদুন বেগম (৫৫)। হতাহতরা একই পরিবারের সদস্য।

এলাকাবাসী জানায়, একই পরিবারের ছয় সদস্য নামাবালা গ্রাম থেকে জয়পুরহাটের আক্কেলপুরে এক আত্মীয় বাড়িতে যাওয়ার উদ্দেশে বাড়ি থেকে বের হন। একটি ব্যাটারিচালিত অটোরিকশা নিয়ে তারা চারমাথায় বাস টার্মিনালের পথে রওনা দেন।

চারমাথার কাছাকাছি ঝোপগাড়ি এলাকায় পৌঁছালে ঢাকা থেকে রংপুরগামী একটি বাসের সঙ্গে অটোরিকশাটির মুখোমুখি সংঘর্ষ হয়। এতে অটোরিকশাটি দুমড়ে-মুচড়ে যায়।

দুর্ঘটনার পরপরই বাসটি পালিয়ে যায়। পরে পুলিশ ও স্থানীয়রা আহতদের উদ্ধার করে বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতাল ও টিএমএসএস মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করেন।

চিকিৎসাধীন অবস্থায় শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে আনোয়ারা বেগম আনো এবং টিএমএসএস হাসপাতালে হামিদুন বেগম মারা যান।

দুর্ঘটনায় আহত অটোরিকশা চালক রোকন (৩৫), যাত্রী রাখি মনি (১৩), জুঁই (১৬) আজাহার আলী (৬০) ও রফিক (৫০) হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।

বগুড়ার উপশহর পুলিশ ফাঁড়ির উপপরিদর্শক (এসআই) আব্দুর রহিম বলেন, দুর্ঘটনার পরপরই বাসটি পালিয়ে যাওয়ায় আটক করা যায়নি। নিহত দুজনের মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত