কাপ্তাইয়ে কর্ণফুলী নদীতে ডুবে চবি শিক্ষার্থীর মৃত্যু

আপডেট : ২০ সেপ্টেম্বর ২০২৬, ০৬:৪৭ পিএম

রাঙ্গামাটির কাপ্তাইয়ে কর্ণফুলী নদীতে ডুবে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের (চবি) এক শিক্ষার্থীর মৃত্যু হয়েছে। তাঁর নাম সাজিদ শাহারিয়ার সানম (২৪)। তিনি বিশ্ববিদ্যালয়ের কম্পিউটার সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং বিভাগের ২০২১-২২ শিক্ষাবর্ষের চতুর্থ বর্ষের শিক্ষার্থী ছিলেন।

রবিবার (২০ সেপ্টেম্বর) তাঁর মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেন কাপ্তাই থানার অফিসার ইনচার্জ (ওসি) শেখ মাহমুদুল হাসান। বিকেল ৪টা ৪০ মিনিটের দিকে সীতা ঘাটের পাথরঘাটা এলাকা থেকে সানমের মরদেহ উদ্ধার করা হয়। তিনি নরসিংদীর রায়পুরা উপজেলার নাছির উদ্দীনের ছেলে।

জানা গেছে, রবিবার সকালে নরসিংদী ও ঢাকা থেকে নয়জনের একটি পর্যটক দল কাপ্তাইয়ে আসে। পরে স্থানীয় গাইডের সঙ্গে তারা সীতা পাহাড়ে ট্র্যাকিংয়ে যান। পাহাড়ে ঘোরাঘুরি শেষে দুপুরের দিকে সীতা ঘাটের পাথরঘাটা এলাকায় কর্ণফুলী নদীতে হাত-মুখ ধুতে নামেন তারা।

এ সময় তীব্র স্রোতের টানে সানম গভীর পানিতে তলিয়ে যান। পরে কাপ্তাই থানা পুলিশ, ফায়ার সার্ভিস ও নৌবাহিনীর ডুবুরি দল ঘটনাস্থলে উদ্ধার অভিযান শুরু করে। বিকেল ৪টা ৪০ মিনিটের দিকে তাঁর মরদেহ উদ্ধার করা হয়।

সানমের বন্ধু সাইফুল ইসলাম জানান, তারা নয়জন সকালে রাঙামাটির কাপ্তাইয়ে সীতার পাহাড়ে ওঠেন। পাহাড় ভ্রমণ শেষে নদীতে হাত-মুখ ধোয়ার জন্য ঘাটে নামার পর মুহূর্তের মধ্যে সানম পানিতে পড়ে যান। পরে নদীর তীব্র স্রোতে তিনি তলিয়ে যান।

কাপ্তাই থানার ওসি শেখ মাহমুদুল হাসান বলেন, সানমের মরদেহ উদ্ধার করা হয়েছে। নৌবাহিনী ও ফায়ার সার্ভিসের ডুবুরি দল উদ্ধারে কাজ করছিল। পরে বিকেল ৪টা ৪০ মিনিটের দিকে নিখোঁজ শিক্ষার্থীর মরদেহ উদ্ধার করা হয়।

বিশ্ববিদ্যালয়ের প্রক্টর অধ্যাপক ড. হোসেন শহীদ সরওয়ার্দী বলেন, তারা সানমের নিখোঁজ হওয়ার খবর পেয়েছিলেন। তাঁর বাবা একজন পুলিশ কর্মকর্তা। ডুবুরি দল উদ্ধার কার্যক্রম চালিয়ে তাঁকে নদী থেকে তুলে এনেছে বলে জানা গেছে। পরবর্তী আপডেট জানানো হবে।

সর্বশেষ সর্বাধিক পঠিত