ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে হামে শিশু ও ডেঙ্গুতে যুবকের মৃত্যু

আপডেট : ২০ সেপ্টেম্বর ২০২৬, ০৬:৫০ পিএম

ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে গত ২৪ ঘণ্টায় হামের উপসর্গ নিয়ে চিকিৎসাধীন এক শিশু ও ডেঙ্গুতে এক যুবকের মৃত্যু হয়েছে বলে জানিয়েছে কর্তৃপক্ষ। রবিবার (২০ সেপ্টেম্বর) সকালে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতাল থেকে পাঠানো পৃথক সংক্ষিপ্ত বিবরণীতে এসব তথ্য জানানো হয়।

হামসংক্রান্ত বিবরণে বলা হয়, হামের উপসর্গ নিয়ে মারা যাওয়া শিশুটির বয়স সাড়ে তিন বছর। গত ৬ সেপ্টেম্বর হামের উপসর্গ নিয়ে শিশুটিকে হাসপাতালে ভর্তি হয়। পরে শনিবার (১৯ সেপ্টেম্বর) রাত সাড়ে ১২টার দিকে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।

এছাড়া গত ২৪ ঘণ্টায় হামের উপসর্গ নিয়ে ৩১ শিশু হাসপাতালে ভর্তি হয়েছে। সুস্থ হয়ে বাড়ি ফিরেছে ৩৯ শিশু। বর্তমানে হামের উপসর্গ নিয়ে হাসপাতালে চিকিৎসাধীন রয়েছে ১১৬ শিশু। চলতি বছরের মাঝামাঝি সময় থেকে এ পর্যন্ত ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে হাম ও হামের উপসর্গ নিয়ে ৪ হাজার ২৯২ শিশু চিকিৎসা নিয়েছে। এর মধ্যে ৪ হাজার ১০৩ শিশু সুস্থ হয়ে বাড়ি ফিরেছে এবং মারা গেছে ৭৩ শিশু।

ডেঙ্গুর সংক্ষিপ্ত বিবরণীতে বলা হয়, গত ২৪ ঘণ্টায় ডেঙ্গু আক্রান্ত হয়ে মোজাম্মেল হোসেন (২৮) নামে এক যুবকের মৃত্যু হয়েছে। তিনি শেরপুর সদর উপজেলার ইদ্রিস আলীর ছেলে। গত ১৯ সেপ্টেম্বর দুপুর পৌনে ১২টার দিকে ডেঙ্গু আক্রান্ত হয়ে মোজাম্মেল হোসেন হাসপাতালে ভর্তি হন। পরে শনিবার রাত সোয়া ৩টার দিকে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।

গত ২৪ ঘণ্টায় ডেঙ্গু আক্রান্ত হয়ে ৪০ জন হাসপাতালে ভর্তি হয়েছেন। এ সময়ে ৪৫ জন চিকিৎসা শেষে ছাড়পত্র নিয়ে বাড়ি ফিরেছেন। বর্তমানে হাসপাতালে ডেঙ্গু আক্রান্ত হয়ে ভর্তি আছেন ১২৪ জন। এদের মধ্যে পুরুষ ৬৬, নারী ৪৭ ও শিশু ১১। চলতি বছরে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে ডেঙ্গু আক্রান্ত হয়ে ২ হাজার ৪৬২ জন ভর্তি হয়েছেন। এর মধ্যে ২১ জনের মৃত্যু হয়েছে।

ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালের সহকারী পরিচালক (প্রশাসন) ডা. মাইন উদ্দিন খান হামের উপসর্গে শিশু এবং ডেঙ্গু আক্রান্ত যুবকের মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন।

সর্বশেষ সর্বাধিক পঠিত