চাঁদপুর থেকে অপহৃত ১০ মাসের শিশু উদ্ধার

আপডেট : ১৭ সেপ্টেম্বর ২০২১, ১০:৫৬ পিএম

চট্টগ্রাম নগরীর পাহাড়তলী এলাকা থেকে অপহৃত শিশু উদ্ধার হয়েছে চাঁদপুর থেকে। এতে জড়িত সন্দেহে ছয়জনকে গ্রেপ্তার করেছে পুলিশ। অপহরণের দুদিনের মাথায় গত বৃহস্পতিবার রাতে ১০ মাস বয়সী ওই শিশুটিকে উদ্ধার করা হয়।

পুলিশ সূত্র জানায়, গত মঙ্গলবার পাহাড়তলী থানাধীন শাপলা আবাসিক এলাকার বাসিন্দা জাহানারা বেগম তার ১০ মাস বয়সী শিশু আকাইদকে ঘরে রেখে রান্নাঘরে কাজ করছিলেন। এর কিছুক্ষণ পর রান্নাঘর থেকে এসে দেখতে পান শিশুটি নেই। আশপাশে খোঁজাখুঁজি করেও না পেয়ে শেষ পর্যন্ত পাহাড়তলী থানা পুলিশের শরণাপন্ন হন তিনি।

পাহাড়তলী থানার ওসি মোস্তাফিজুর রহমান জানান, শিশু নিখোঁজের অভিযোগ পাওয়ার পর পুলিশ ঘটনাস্থলের সিসিটিভি ফুটেজ সংগ্রহ করে। ফুটেজ দেখে সন্দেহভাজন হিসেবে ফরহাদ, দুলাল এবং সবুজ নামে তিনজনকে আটক করা হয়। পরে তাদের দেওয়া তথ্যের ভিত্তিতে হালিশহর থেকে হালিমা নামে একজনকে আটক করা হয়। মুখোমুখি জিজ্ঞাসাবাদে তারা শিশু অপহরণের জড়িত থাকার কথা স্বীকার করে জানায়, হালিমার বোন আসমার কাছে ওই শিশুকে ২০ হাজার টাকায় বিক্রি করে দেওয়া হয়েছে। পরে পুলিশ তাদের তথ্যের ভিত্তিতে অপহৃত শিশু আকাইদকে চাঁদপুরের মতলব এলাকা থেকে উদ্ধার করে এবং আসমা ও বেলাল নামে আরও দুজনকে এ ঘটনায় গ্রেপ্তার করে।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত