কাবুল বিমানবন্দরে হামলাকারী গ্রেফতার হয়েছিল ভারতে

আপডেট : ১৮ সেপ্টেম্বর ২০২১, ০৫:৪৩ পিএম

গত ২৬ আগস্ট কাবুল বিমানবন্দরে ভয়াবহ আত্মঘাতী হামলাকারী পাঁচ বছর আগে ভারতে গ্রেফতার হয়েছিল। সম্প্রতি এমনই দাবি করেছে আইএস-কে (খোরাসান) জঙ্গিগোষ্ঠী। এই দাবির পরে ভারতের স্নায়ুচাপ বেড়ে গেছে।

গত ২৬ অগস্ট কাবুলের হামিদ কারজাই বিমানবন্দরের বাইরে এক ভয়াবহ আত্মঘাতী বোমা হামলার ঘটনা ঘটে। বিমানবন্দরের বাইরে তখন হাজার হাজার মানুষ দেশ ছাড়ার জন্য অপেক্ষা করছিলেন। আমেরিকা উদ্ধারকাজ চালানোর সময়ই ওই দিন পর পর তিনটি বিস্ফোরণ ঘটে। তাতে আমেরিকার ১৩ জন সেনা-সহ নিহত হয়েছিলেন ১৮০ জন।

সেই আত্মঘাতী হামলার হোতা আব্দুর রহমান আল-লগরি পাঁচ বছর আগে দিল্লিতে গ্রেফতার হয়েছিল বলে দাবি করছে ইসলামিক স্টেটের আফগান শাখা। আইএস-কে দাবি করেছে, সেই সময় দিল্লিতে বড়সড় হামলার জন্য তাকে পাঠানো হয়েছিল। কিন্তু তার আগেই দিল্লি পুলিশের স্পেশাল সেলের হাতে গ্রেফতার হয় আব্দুর রহমান। বেশ কিছু সময় জেলবন্দি ছিল সে। ছাড়া পাওয়ার পরই আফগানিস্তানে পালিয়ে যায়। তাদের মুখপত্রে এমনই দাবি করেছে আইএস-কে।

এসব দেখে ধারণা করা হচ্ছে, এবার ভারতের দিকেই নজর ঘোরাতে শুরু করেছে আইএস-কে। ২০২০ থেকে তারা পর পর কয়েক দফায় প্রচার পুস্তিকা বের করেছে। তার মধ্যে একটি সংখ্যায় দিল্লির ঘটনার কথা উল্লেখ করেছে তারা। এই প্রচার পুস্তিকা প্রকাশের পরই আইএস-কের সঙ্গে জড়িত থাকার অভিযোগে এক কাশ্মীরি দম্পতি জাহানজেব সামি এবং হিন্দা বশির বেগ-কে গ্রেফতার করে দিল্লি পুলিশ। পরে আরও তিন জনকে গ্রেফতার করা হয়।

ভারতীয় গোয়েন্দা সূত্রে খবর, আইএস-কের প্রচার পুস্তিকার সঙ্গে জড়িত সন্দেহে ভারতজুড়ে বেশ কয়েকটি জায়গা থেকে ১২ জনেরও বেশি ব্যক্তিকে গ্রেফতার করা হয়েছে। ভারত নিয়ে আইএস-কে সরব হওয়ায় ধারণা করা হচ্ছে এই জঙ্গিগোষ্ঠী ক্রমে ভারতেও সক্রিয় হতে যাচ্ছে।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত