সুনামগঞ্জ-ঢাকা-সিলেট সড়কের সিলেটের বাইপাস এলাকায় আন্তঃজেলা বাস থেকে চাঁদা আদায়ের প্রতিবাদে আজ রবিবার সকাল ৬টা থেকে অনির্দিষ্টকালের জন্য সুনামগঞ্জ-ঢাকা সড়কে বাস ধর্মঘট ডেকেছে সুনামগঞ্জ জেলা সড়ক পরিবহন শ্রমিক ইউনিয়ন।
গতকাল শনিবার বিকেলে দেশ রূপান্তরকে এ ধর্মঘট ডাকার তথ্য নিশ্চিত করেছেন সুনামগঞ্জ জেলা সড়ক পরিবহন শ্রমিক ইউনিয়নের সাধারণ সম্পাদক নূরুল হক।
তিনি জানান, দীর্ঘদিন ধরে সুনামগঞ্জ-ঢাকা সড়কের দূরপাল্লার বাস আসা-যাওয়ার পথে সিলেট-বাইপাস সড়কের তেমুখী এলাকায় সিলেট পরিবহন সমিতির নামে বাসে চাঁদাবাজি করে আসছে একটি চক্র। চাঁদাবাজরা শ্রমিকদের মারপিটও করছে। ফলে সুনামগঞ্জ জেলা সড়ক পরিবহন শ্রমিক ইউনিয়ন অনির্দিষ্টকালের জন্য রবিবার সকাল থেকে বাস চলাচল বন্ধ রাখার সিদ্ধান্ত নিয়েছে।
এসব চাঁদাবাজের দৌরাত্ম্য বন্ধ করা না হলে, স্থানীয় সড়কেও গাড়ি চলাচল বন্ধ করে দেওয়া হবে বলে জানান জেলা সড়ক পরিবহন শ্রমিক ইউনিয়নের নেতারা।
