ইসরায়েলি বাহিনী দেশটির কঠোর নিরাপত্তায় ঘেরা কারাগার থেকে পালানো ছয় ফিলিস্তিনির শেষ দুজনকেও ফের আটক করেছে।
দেশটির সেনাবাহিনীর বরাত দিয়ে আন্তর্জাতিক সংবাদমাধ্যমগুলো রবিবার এ কথা জানিয়েছে।
ফিল্মি কায়দায় কারাগার থেকে পালিয়ে বহু ফিলিস্তিনির কাছে নায়ক বনে যাওয়া এই ছয়জন বিভিন্ন অভিযোগে আটক ছিলেন। কিন্তু তারা চামচ দিয়ে একটি সুড়ঙ্গ খুঁড়ে সম্প্রতি কারাগার থেকে পালাতে সক্ষম হন।
ইসরায়েলি বাহিনী তাদের গ্রেপ্তারে সর্বশক্তি নিয়োগ করে। শেষ পর্যন্ত একে একে সকলকে পুনরায় আটক করতে সক্ষম হয়।
শেষ যে দুজনকে আটক করা হয়েছে, তারা হলেন- ফিলিস্তিনের ইসলামিক জিহাদের সদস্য ৩৫ বছর বয়সী কামামজি এবং ২৬ বছর বয়সী মুনাদেল ইনফিয়াত। তাদেরকে বর্তমানে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে।
জেল থেকে পালানো বাকি চারজনকেও গত সপ্তাহে পুনরায় আটক করা হয়েছিল। আটকের সময় ইসরায়েলি বাহিনী তাদের নির্যাতন করে বলেও অভিযোগ উঠেছে।
