মরুর বুকে শুরু হচ্ছে স্থগিত থাকা ইন্ডিয়ান প্রিমিয়ার লিগের (আইপিএল) ১৪তম আসর। রবিবার (১৯ সেপ্টেম্বর) দুবাই আন্তর্জাতিক স্টেডিয়ামে চ্যাম্পিয়ন মুম্বাই ইন্ডিয়ানস বনাম চেন্নাই সুপার কিংসের ম্যাচ দিয়ে শুরু হচ্ছে আইপিএলের দ্বিতীয়ার্ধের লড়াই।
সংযুক্ত আরব আমিরাত পর্বে খেলতে গত রবিবার দিবাগত রাতে দেশ ছেড়ে কলকাতা নাইট রাইডার্সে যোগ দিয়েছেন বাংলাদেশের অলরাউন্ডার সাকিব আল হাসান।
সেখানে পৌঁছে ইতিমধ্যে কোয়ারেন্টাইন পর্বও শেষ করেছেন তিনি। কোয়ারেন্টাইন শেষে গতকাল কেকেআরের সঙ্গে প্রথম অনুশীলনও সারেন সাকিব।
নেটে ৩৪ বছর বয়সী অলরাউন্ডারের প্রথম দিনের অনুশীলনের ভিডিও করেছে কেকেআর কর্তৃপক্ষ। সেই ভিডিও নিজেদের ফেসবুকে পেজে আপলোড করে তারা ক্যাপশনে লিখেছে, ‘সাকিবের প্রথম দিন কেকেআর নেটসে।’
সেই ভিডিওতে কেকেআরের সঙ্গে প্রথম দিনের অনুশীলনের অনুভূতি জানিয়ে সাকিব বলেন, ‘কিছুদিন পরই আমাদের প্রথম ম্যাচ। আমরা প্রস্তুত। আমার মনে হয়, সকলে যথেষ্ট প্রস্তুতি নিয়েছে।’
তিনি আরও বলেন, ‘সবাই আমাদের সমর্থন দিয়ে যাচ্ছে। আশা করি, টুর্নামেন্টের দ্বিতীয় অংশেও কেকেআর ভালো করবে।’
গত মে মাসের শুরুতে ভারতে করোনার প্রকোপ বেড়ে গেলে মাঝপথে স্থগিত হয়ে যায় আইপিএলের চলতি বছরের আসর।
