নিষিদ্ধ ঘোষিত জঙ্গি সংগঠন আনসারুল্লাহ বাংলা টিমের (এবিটি) উগ্রবাদী মতাদর্শ প্রচার করা বইয়ের প্রকাশক হাবিবুর রহমান ওরফে শামীমকে গ্রেপ্তার করেছে পুলিশের অ্যান্টি টেররিজম ইউনিট (এটিইউ)।
রবিবার দুপুরে এটিইউয়ের মিডিয়া অ্যান্ড অ্যাওয়ারনেস শাখার পুলিশ সুপার মো. আসলাম খান এ তথ্য জানান। শনিবার রাজধানীর বাংলাবাজারের ইসলামি মার্কেট এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তারকৃত শামীম আল রিহাব পাবলিকেশনসের স্বত্বাধিকারী ও প্রকাশক।
মো. আসলাম খান বলেন, ২০১৬ সাল থেকে হাবিবুর রহমান ওরফে শামীম আল রিহাব পাবলিকেশনস নামে একটি প্রকাশনা চালু করে। মুফতি জসীমউদ্দিন রাহমানীর একান্ত সহযোগী ফিরোজ তাকে মুফতি জসিম উদ্দিন রহমানের কিছু বই প্রকাশ করার জন্য দেয়। সে তার প্রকাশনা থেকে বইগুলো প্রকাশ ও বিক্রি করে। বই প্রকাশ সূত্রে সে মুফতি জসীমউদ্দিন রাহমানীর মতাদর্শে অনুপ্রাণিত হয়ে আনসারুল্লাহ বাংলা টিম সমর্থন করা শুরু করে। সে আনসারুল্লাহ বাংলা টিমের সক্রিয় সদস্য। প্রকাশনা সূত্রে আনসারুল্লাহ বাংলা টিমের কতিপয় সংগঠকের সাথে তার ঘনিষ্ঠ সম্পর্ক গড়ে ওঠে।
তিনি বলেন, হাবিবুর এবিটি সদস্য ও অন্যান্য অনুসারীদের কাছে মুফতি জসীমুদ্দীন রাহমানীর উগ্রবাদী বই ছাড়াও অন্যান্য উগ্রপন্থী বই-পত্রিকার প্রকাশনা সরবরাহ, বিতরণ ও অনলাইন প্ল্যাটফর্মে গোপনে বিক্রি করত। এছাড়া বিভিন্ন সময়ে সে আনসারুল্লাহ বাংলা টিমের মতাদর্শের বিভিন্ন প্রিন্ট ও ভিডিও কনটেন্ট সমর্থকদের সাথে শেয়ার করত।
এটিইউর মিডিয়া অ্যান্ড অ্যাওয়ারনেস শাখার এএসপি ওয়াহিদা বলেন, উগ্রপন্থী মতাদর্শের বিভিন্ন বই গোপনে অনলাইনে এবং অফলাইনে বিক্রি ও উগ্রপন্থী কর্মকাণ্ডকে উদ্বুদ্ধ করায় তার বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়া হয়েছে। গত ১৬ সেপ্টেম্বর ময়মনসিংহ থেকে গ্রেপ্তারকৃত আনসারুল্লাহ বাংলা টিমের সদস্য কায়সার আহমেদ ওরফে মিলন ও জাহিদ মোস্তফা দেওয়া তথ্যের ভিত্তিতে বাংলাবাজার থেকে গ্রেপ্তার করা হয় হাবিবুরকে।
