নভেম্বরে ২০২২ ওয়ানডে বিশ্বকাপ বাছাইয়ে অংশ নেবে বাংলাদেশ নারী ক্রিকেট দল। জিম্বাবুয়েতে ১৬ নভেম্বর শুরু হয়ে ৫ ডিসেম্বর পর্যন্ত চলবে আসর। যে আসরের জন্য দুই মাস আগেই প্রাথমিক দল ঘোষণা করল বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)।
রবিবার বিসিবি ঘোষিত দলে সে অর্থে কোনো চমক নেই। তবে আন্তর্জাতিক অভিষেকের অপেক্ষায় থাকা দুজনকে ডাকা হয়েছে দলে। তারা হলেন- ফারিহা ইসলাম তৃষ্ণা ও দিশা বিশ্বাস।
মঙ্গলবার থেকে মিরপুর শেরে বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে শুরু হবে মেয়েদের ক্যাম্প। এরপর তারা যাবেন সিলেটে। সেখানে নিজেদের মধ্যে পাঁচটি ৫০ ওভারের প্রস্তুতি ম্যাচ খেলবে তারা।
মেয়েদের বিশ্বকাপের মূল আসর বসবে নিউজিল্যান্ডে। স্বাগতিকদের সঙ্গে টুর্নামেন্টে খেলা নিশ্চিত করেছে অস্ট্রেলিয়া, ইংল্যান্ড, দক্ষিণ আফ্রিকা ও ভারত।
জিম্বাবুয়েতে হতে যাওয়া ১০ দলের বাছাই পর্ব থেকে চূড়ান্ত পর্বে সুযোগ পাবে সেরা তিনটি দল।
স্বাগতিক জিম্বাবুয়ে ও বাংলাদেশ ছাড়া বাছাই পর্বে খেলতে যাওয়া অন্য আট দল হলো- পাকিস্তান, ওয়েস্ট ইন্ডিজ, শ্রীলঙ্কা, আয়ারল্যান্ড, থাইল্যান্ড, পাপুয়া নিউ গিনি, যুক্তরাষ্ট্র ও নেদারল্যান্ডস।
বাংলাদেশের মেয়েরা ২০১৪ সাল থেকে প্রতিবারই টি-টোয়েন্টি বিশ্বকাপ খেললেও ওয়ানডে বিশ্বকাপে খেলেনি একবারও।
বিশ্বকাপ বাছাইপর্বে বাংলাদেশের প্রাথমিক দল
মুরশিদা খাতুন, শামীমা সুলতান, নিগার সুলতানা, ফারজানা হক, রুমানা আহমেদ, রিতু মনি, নাহিদা আক্তার, সালমা খাতুন, জাহানারা আলম, লতা মন্ডল, সুরাইয়া আজমিন, নুজহাত তাসনিয়া, ফাহিমা খাতুন, ফারিহা ইসলাম তৃষ্ণা, সানজিদা আখতার, সোবহানা মোস্তারি, খাদিজা-তুল কুবরা, শারমিন আক্তার, পূজা চক্রবর্তী ও দিশা বিশ্বাস।
