ফেনী সদর উপজেলা পরিষদ চেয়ারম্যান পদে উপনির্বাচনে শুসেন চন্দ্র শীলকে বেসরকারিভাবে নির্বাচিত ঘোষণা করা হয়েছে। সোমবার মনোনয়নপত্র প্রত্যাহারের শেষ দিনে আর কোনো প্রার্থী না থাকায় তাকে বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত ঘোষণা করেন জেলা নির্বাচন কর্মকর্তা ও সদর উপজেলা উপনির্বাচনের রিটার্নিং কর্মকর্তা নাসির উদ্দিন পাটোয়ারী।
তিনি সদর উপজেলা আ. লীগের সাধারণ সম্পাদক এবং ফেনী জেলা যুবলীগ ও ছাত্রলীগের সাবেক সাধারণ সম্পাদক ছিলেন।
গত শনিবার (১১ সেপ্টেম্বর) দলের স্থানীয় সরকার ও সংসদীয় মনোনয়ন বোর্ডের যৌথসভায় তাকে মনোনীত করা হয়। আগামী ৭ অক্টোবর এ উপজেলায় চেয়ারম্যান পদে উপনির্বাচন হওয়ার কথা রয়েছে।
প্রসঙ্গত, ১৩ আগস্ট সাবেক চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা আবদুর রহমানের মৃত্যুতে এ পদটি শূন্য হয়।
অন্যদিকে সোনাগাজী পৌর নির্বাচনে নৌকা প্রতীকের প্রার্থী বর্তমান মেয়র রফিকুল ইসলাম খোকন বেসরকারি ফলাফলে পুনর্নির্বাচিত হয়েছেন। সোমবার সন্ধ্যায় উপজেলা অডিটোরিয়ামে রিটার্নিং কর্মকর্তা উপজেলা নির্বাহী অফিসার এএম জহিরুল হায়াত ভোট গননা শেষে তাকে বিজয়ী ঘোষণা করেন।
তিনি পেয়েছেন ৫৩৬১ ভোট। তার নিকটতম প্রতিদ্বন্ধি স্বতন্ত্র প্রার্থী আবু নাসের মোবাইল প্রতিকে পেয়েছেন ১০৭৫ ভোট।
জানা গেছে, কাউন্সিলর পদে বেসরকারী ফলাফলে পৌরসভার ১ নাম্বার ওয়ার্ডে মো: মোস্তফা,২ নাম্বার ওয়ার্ডে হেদায়েত উল্যাহ, ৩ নাম্বার ওয়ার্ডে ইমাম উদ্দিন ভুঞা, ৪ নাম্বার ওয়ার্ডে বেলাল হোসেন, ৫ নাম্বার ওয়ার্ড নাছির উদ্দিন রিপর,৬ নাম্বার ওয়ার্ডে আইয়ুব খান, ৭ নাম্বার ওয়ার্ডে জামাল উদ্দিন নয়ন, ৮ নাম্বার ওয়ার্ডে কলিম উল্যাহ রয়েল, ৯নাম্বার ওয়ার্ডে নাজিম উদ্দিন বিজয়ী হয়েছেন। সংরক্ষিত মহিলা কাউন্সিল পদে মনিহার বেগম ও শাহানা আক্তার বিজয়ী হয়েছেন।
