পরিত্যক্ত ঘরে মুখমণ্ডল পোড়ানো মরদেহ উদ্ধার

আপডেট : ২০ সেপ্টেম্বর ২০২১, ০৯:৪১ পিএম

মাদারীপুরের শিবচরে হাত-পা বাঁধা এক ব্যক্তির মরদেহ উদ্ধার করেছে পুলিশ।

সোমবার (২০ সেপ্টেম্বর) রাত ৮টার দিকে উপজেলার মাদবরের চর ইউনিয়নের কালাই হাজীর কান্দি গ্রামের মোশাররফ শেখের পরিত্যক্ত ঘরের ভেতর থেকে মরদেহ উদ্ধার করা হয়।

তবে রাত পৌনে ৯টা পর্যন্ত উদ্ধার হওয়া মরদেহের কোনো পরিচয় মেলেনি। নিহত ব্যক্তির বয়স আনুমানিক ৪৩ বছর।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, সোমবার সন্ধ্যায় ওই বাড়ি থেকে গন্ধ বের হচ্ছিল। এ সময় আশপাশের লোকজন দুর্গন্ধের উৎস ধরে ঘরটির মধ্যে মরদেহ দেখতে পেয়ে পুলিশকে খবর দেয়। পরে শিবচর থানা পুলিশ গিয়ে ঘরের ভেতর থেকে হাত-পা বাঁধা মরদেহ উদ্ধার করে। লাশের মুখ ও হাত-পা আগুনে ঝলসানো অবস্থায় পাওয়া যায়।

তবে পরিচয় শনাক্ত করা যায়নি বলে পুলিশ জানিয়েছে।নিহত ব্যক্তির পরনে মেরুন প্যান্ট ও বাসন্তী টিশার্ট রয়েছে।

সরেজমিনে স্থানীয় কয়েকজনের সঙ্গে আলাপকালে তারা  জানান, মোশাররফ শেখ দীর্ঘদিন ধরে একটি কওমি মাদ্রাসায় চাকরি করেন। পরিবার-পরিজন নিয়ে ঢাকায় থাকেন। কিছুদিন আগে বাড়িতে এসে থাকার জন্য একটি টিনশেড ঘর তৈরি করেন। তবে ঘরটিতে কেউ থাকত না। ঘরটির বারান্দা খোলা। সে ঘরে অনেকটা পরিত্যক্ত অবস্থায় মরদেহটি পড়ে থাকতে দেখি।

শিবচর থানার পুলিশের উপপরিদর্শক (এসআই) সঞ্জীব জোয়ারদার বলেন, ‘আমরা খবর পেয়ে রাত ৮টার দিকে ঘটনাস্থলে আসি। এখানে একটি ঘরের বারান্দায় মরদেহ দেখতে পাই। নিহতের নাম-পরিচয় এখনো জানা যায়নি। পরিচয় শনাক্ত করতে আমরা বিভিন্ন থানায় যোগাযোগ করার চেষ্টা করছি।

এ বিষয়ে সিনিয়র সহকারী পুলিশ সুপার (শিবচর সার্কেল)  মো. আনিসুর রহমান বলেন, খবর পেয়ে আমরা এখানে আসি। এসে এখানে একটি ডেড বডি দেখতে পাই।বডিটির পা ও শরীর রশি দিয়ে বাঁধা ও মুখমণ্ডল পুড়িয়ে দেওয়া হয়েছে। সেটা আগুন বা বিষাক্ত কোনো পদার্থ দ্বারা। আমরা প্রাথমিকভাবে চেষ্টা করছি এই ব্যক্তি অত্র এলাকার বা বাইরের কোনো এলাকা থেকে তাকে নিয়ে আসা হয়েছে কিনা, তার পরিচয় উদ্‌ঘাটন করার জন্য।আমরা এখন তার মরদেহ মাদারীপুরের সদর হাসপাতালে পাঠাব। পরিবর্তী কার্যক্রম আমরা শুরু করেছি।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত