‘কৃষ্ণাঙ্গ সিনেমার গডফাদার’ মেলভিন মারা গেছেন

আপডেট : ২৩ সেপ্টেম্বর ২০২১, ০৫:০৪ পিএম

মারা গেছেন ‘কৃষ্ণাঙ্গ সিনেমার গডফাদার’ হিসেবে পরিচিত নির্মাতা মেলভিন ভ্যান পিবলস। মঙ্গলবার যুক্তরাষ্ট্রের নিউইয়র্কে নিজ বাড়িতে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন তিনি, বয়স হয়েছিল ৮৯ বছর।

১৯৭০ এর দশকে মেলভিনের ছবিগুলো বেশ আলোচিত হয়, এর মধ্যে রয়েছে বিখ্যাত ‘ওয়াটারমেলন ম্যান’ ও ‘সুইট সুইটব্যাকস ব্যাডঅ্যাসেস সং’।

বিখ্যাত নির্মাতার মৃত্যুর খবর শুনে শ্রদ্ধা জানিয়েছেন স্পাইক লি, অ্যাভা ডুভার্নি ও ব্যারি জেনকিন্সসহ অনেক নির্মাতা।

মেলভিনের বিখ্যাত কমেডি ‘ওয়াটারমেলন ম্যান’-এর ষাট দশকের বর্ণবাদী সময় নিয়ে নির্মিত। যেখানে এক শ্বেতাঙ্গ ইনস্যুরেন্স সেলসম্যান একদিন সকালে ঘুম থেকে নিজেকে কৃষ্ণাঙ্গ হিসেবে আবিষ্কার করে।

‘সুইটব্যাক’ ছবিতে শ্বেতাঙ্গ পুলিশ কর্মকর্তার হাত থেকে পালাতে থাকা এক কৃষ্ণাঙ্গের গল্প ওঠে এসেছে। এটি সত্তরের দশকের স্বাধীনতা ধারার সিনেমার ক্ষেত্রে সবচেয়ে বেশি আয় করে।

মেলভিনের মতে, তার আগে পর্যন্ত সব ছবি ছিল অ্যাংলো-সাক্সন সংখ্যাগুরুর দৃষ্টিতে নির্মিত।

সব মিলিয়ে ১৭টি ছবিতে পরিচালক, ১৮টিতে লেখক ও ৪৩টির মতো ছবিতে মেলভিনকে পাওয়া যায়।

মেলভিনের ছেলে মারিও ভ্যান পিবলসও অভিনেতা ও নির্মাতা। ২০০৩ সালে বাবার জীবনী তুলে ধরেন ‘ব্যাডঅ্যাসেস’ ছবিতে। পরিচালনার পাশাপাশি এতে অভিনয়ও করেন তিনি।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত