ভারতীয় স্পিনার রবিচন্দ্রন অশ্বিনের ওপর বেজায় খেপেছেন বিরেন্দ্রর শেহওয়াগ। নিজের বোলিং নিয়ে অশ্বিনের এত বেশি পরীক্ষা-নিরীক্ষা মোটেও ভালো লাগছে না দেশটির সাবেক ওপেনারের।
রাখঢাক না রেখে শেহওয়াগ বলছেন, ‘এভাবে বল করলে অশ্বিন একটা উইকেটও পাবে না’।
অফ স্পিনার অশ্বিন সীমিত ওভারের ক্রিকেটে সফল হওয়ার জন্য বলে কিছু বৈচিত্র্য এনেছেন। অনেক বেশি পরীক্ষা-নিরীক্ষা করছেন। এটাই পছন্দ নয় শেহওয়াগের।
বুধবার আইপিএলে দিল্লি ক্যাপিটালসের হয়ে সানরাইজার্স হায়দরাবাদের বিপক্ষে মাঠে নেমেছিলেন ৩৫ বছর বয়সী অশ্বিন। ২.৫ ওভার বল করে ২২ রান দিয়ে কোনো উইকেট পাননি তিনি।
শেহওয়াগ বলেন, ‘অশ্বিনের একটা ধারণা হয়ে গিয়েছে, যদি ও অফ স্পিন বল করে, তাহলে যে কোনো সময় ওর বলে চার-ছয় হয়ে যেতে পারে। এই ভয় থেকে ও নানা পরীক্ষা-নিরীক্ষা করতে যাচ্ছে।’
এই জায়গাটায় শেহওয়াগ টের পাচ্ছেন মহেন্দ্র সিং ধোনির অভাব। তার কথায়, ‘যখন ওর বলে উইকেটের পেছনে ধোনি দাঁড়াত, ওকে কিছুতেই এত পরীক্ষা-নিরীক্ষা করতে দিত না। মাঝে মাঝে বোলারকে এটা বোঝাতে হয় যে, ব্যাটসম্যান মারলেও তার আউট হওয়ার সম্ভাবনাও থাকে।’
বুধবার অশ্বিনকে অফ স্পিন করতে দেখাই যায়নি। এতে বিস্মিত শেহওয়াগ, ‘ও যেভাবে বল করছে, তাতে একটাও উইকেট পাবে না। অফ স্পিন শুরু করলে আবার বোল্ড, এলবিডব্লিউ আউটগুলো করতে পারবে। দলের সিনিয়র বোলার হিসেবে মাঝের ওভারগুলোয় ওর উইকেট নেওয়া উচিত।’
আসছে টি-টোয়েন্টি বিশ্বকাপে ভারতের স্কোয়াডে রয়েছেন অশ্বিন। চার বছর পর টি-টোয়েন্টি দলে ডাক পেয়েছেন তিনি।
