ছিনতাইয়ের সময় হাতুড়ির আঘাতে রিকশাচালককে হত্যা

আপডেট : ২৪ সেপ্টেম্বর ২০২১, ০৪:৫৩ পিএম

টাঙ্গাইলে এসপি অফিস সংলগ্ন আমতলা এলাকা থেকে রাশেদুল ইসলাম ফকির (২৫) নামের এক রিকশাচালকের মরদেহ উদ্ধার করেছে পুলিশ। এ সময় মরদেহের পাশ থেকে একটি রক্তমাখা হাতুড়ি উদ্ধার করা হয়েছে। পুলিশের প্রাথমিক ধারণা কোন ছিনতাই চক্রের হাতে রাশেদুল খুন হতে পারেন। 

শুক্রবার (২৪ সেপ্টেম্বর) ভোরে মরদেহটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য টাঙ্গাইল জেনারেল হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। দুপুরে টাঙ্গাইল থানার উপপরিদর্শক আরিফ ফয়সাল বিষয়টি নিশ্চিত করেছেন।

রাশেদুল ইসলাম সিরাজগঞ্জের মিস্ত্রিগাতি এলাকার রওশন আলী ফকিরের ছেলে।

আরিফ ফয়সাল জানান, খবর পেয়ে আদালত এলাকার আমতলা নামকস্থান থেকে রাশেদুল ইসলাম নামের এক রিকশাচালকের মরহেদ উদ্ধার করা হয়েছে। তার মাথায় ও মুখে আঘাতের চিহ্ন রয়েছে। মরদেহের পাশ থেকে একটি রক্তমাখা হাতুড়ি এবং একটি ব্যাটারি চালিত রিকশা উদ্ধার করা হয়েছে। প্রাথমিক ভাবে ধারণা করা হচ্ছে রাতের কোন এক সময় ছিনতাইকারী চক্র রাশেদুলকে হাতুড়ি দিয়ে মাথায় এবং মুখে আঘাত করে হত্যা করেছে। এ ঘটনায় মামলার প্রস্তুতি চলছে। মরদেহ ময়নাতদন্তের জন্য টাঙ্গাইল জেনারেল হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে।

এদিকে স্থানীয়দের দাবি, প্রতিনিয়তই ডিস্ট্রিক্ট গেট থেকে জেলা কারাগার সড়ক ও আদালত এলাকাসহ পৌর শহরে প্রতিনিয়তই ছিনতাইয়ের ঘটনা ঘটছে। এ জন্য সড়কে নিরাপত্তা জোরদারের দাবিও তাদের।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত