চার দিনের ম্যাচে আফগানদের বিপক্ষে যুবাদের হার

আপডেট : ২৫ সেপ্টেম্বর ২০২১, ০৬:১৯ পিএম

একমাত্র চার দিনের ম্যাচে সফরকারী আফগানিস্তান অনূর্ধ্ব-১৯ দলের বিপক্ষে হেরে গেছে বাংলাদেশ অনূর্ধ্ব-১৯ দল।

শনিবার সিলেট আন্তর্জাতিক স্টেডিয়ামে অনুষ্ঠিত ম্যাচের শেষ দিনে ৩ উইকেটের জয় তুলে নেয় আফগান যুবারা।

এই ম্যাচ দিয়ে বাংলাদেশ সফর শেষ করল আফগানিস্তান। এর আগে পাঁচ ম্যাচের ওয়ানডে সিরিজ ৩-২ এ জিতেছিল বাংলাদেশ।

প্রথম ইনিংসেই বাংলাদেশ বেশ পিছিয়ে পড়েছিল। দ্বিতীয় ইনিংসে ভালো লড়াই করলেও বড় লক্ষ্য দিতে পারেনি প্রতিপক্ষকে। বোলাররা অবশ্য অল্প পুঁজিতেও ভালো লড়াই করেছে। তবে শেষ পর্যন্ত হার নিয়েই মাঠ ছাড়তে হয়েছে যুবাদের।

১১০ রানের লক্ষ্য ৪৩.২ ওভারে ছুঁয়ে ফেলে আফগান যুবারা। প্রথম ইনিংসে বাংলাদেশেরে ১৬২ রানের জবাবে আফগানিস্তান অনূর্ধ্ব-১৯ দল ২৮১ রান করে। পরে বাংলাদেশ নিজেদের দ্বিতীয় ইনিংসে করেছিল ২২৮ রান।

প্রথম ইনিংসে ১১৯ রানে পিছিয়ে থেকে দ্বিতীয় ইনিংস শুরু করে তৃতীয় দিন শেষে ৪ উইকেটে ১৭০ রান করেছিল বাংলাদেশ। এদিন শেষ দিনে বাকি ৬ উইকেট হারিয়ে ৫৮ রান করতে পারে।

দলের পক্ষে সর্বোচ্চ ৭৬ রান করে আগের দিন আউট হয়েছিলেন প্রান্তিক নওরোজ নাবিল। অধিনায়ক আইচ মোল্লা ৪০ রানে অপরাজিত থেকে খেলা শুরু করেছিলেন। তবে এদিন কোনো রান যোগ না করেই ফেরেন তিনি।

৪৫ রানে ৩ উইকেট হারিয়ে চাপে পড়েছিল আফগানরা। মিডল-অর্ডার ব্যাটসম্যানরাও ব্যর্থ হলে সহজ লক্ষ্য কঠিন হয়ে পড়ে। তবে ওপেনার বিলাল সাইদির ৫৪ ও সাত নম্বরে নামা কামরান হোতাকের অপরাজিত ২০ রানের সুবাদে জয় নিশ্চিত হয় আফগানদের।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত