কিশোরগঞ্জের নিকলীর হাওরে ঢাকা থেকে বন্ধুদের সঙ্গে ঘুরতে এসে গোসল করতে নেমে নিখোঁজ দুই পর্যটকের মধ্যে রনি (২২) নামে একজনের লাশ উদ্ধার হয়েছে।
শনিবার (২৫ সেপ্টেম্বর) বেলা সোয়া ১১টার দিকে নিকলী উপজেলার সিংপুর ইউনিয়নের ঘোড়াদীঘা গ্রাম সংলগ্ন ঘোড়াউত্রা নদী পাড়ের হাওর থেকে তার লাশ উদ্ধার করা হয়। রনি কুমিল্লা জেলার লাকসাম উপজেলার কোয়ালবাজার গ্রামের জসিমের ছেলে। তিনি একজন পিকআপ চালক। তিনি ঢাকার পূর্ব রসুলপুর কামরাঙ্গীরচর এলাকায় থেকে পিকআপ চালাতেন।
এ ছাড়া নিখোঁজ অপর পর্যটক মো. আলমগীরের (২০) সন্ধানে উদ্ধার অভিযান অব্যাহত রয়েছে। নিখোঁজ আলমগীর গাইবান্ধা জেলার সদর উপজেলার ভবানীপুর গ্রামের মো. সাইদুরের ছেলে। তিনিও একজন পিকআপ চালক। তিনি ঢাকার গেণ্ডারিয়া এলাকায় থেকে পিকআপ চালাতেন।
এর আগে শুক্রবার (২৪ সেপ্টেম্বর) বিকালে নিকলী উপজেলার সিংপুর ইউনিয়নের ঘোড়াদীঘা গ্রাম সংলগ্ন ঘোড়াউত্রা নদীরপাড়ে কেওড়া গাছতলায় গোসল করতে গিয়ে তারা নিখোঁজ হন।
নিকলী থানার ওসি মো. শামছুল আলম সিদ্দিকী বিষয়টির সত্যতা নিশ্চিত করে জানান, ঢাকা থেকে দুটি পর্যটক টিম নিকলী আসে। এর মধ্যে একটি টিমে ২৫/২৬ জন এবং অপর টিমে ৩০/৩৫ জন পর্যটক ছিল। শুক্রবার (২৪ সেপ্টেম্বর) বিকাল পৌনে ৪টার দিকে নিকলী উপজেলার সিংপুর ইউনিয়নের ঘোড়াদীঘা গ্রাম সংলগ্ন ঘোড়াউত্রা নদীর পাড়ে কেওড়া গাছতলায় তারা গোসল করতে নামেন। এ সময় আলমগীর ও রনি নামে দুই পর্যটক পানিতে ডুবে নিখোঁজ হন। খবর পেয়ে পুলিশ দ্রুত ঘটনাস্থলে গিয়ে উদ্ধার অভিযান পরিচালনা করে। উদ্ধার অভিযানের এক পর্যায়ে শনিবার (২৫ সেপ্টেম্বর) বেলা সোয়া ১১টা ২০মিনিটে রনির লাশ উদ্ধার করা হয়। এ ছাড়া নিখোঁজ অপর পর্যটকের সন্ধানে উদ্ধার অভিযান চলছে।
