নগর প্রতিদ্বন্দ্বী রিয়াল মাদ্রিদকে হটিয়ে পয়েন্ট তালিকার সিংহাসন দখলের সুযোগ হাতছাড়া করেছে অ্যাতলেতিকো মাদ্রিদ। লা লিগার চলতি মৌসুমে অপরাজিত থাকার দৌড়ও থামল গত আসরের চ্যাম্পিয়নদের।
আলাভেসের বিপক্ষে ১-০ গোলে হেরেছে দিয়েগো সিমিওনের দল। ম্যাচের শুরুতে পিছিয়ে পড়ে আর সমতায় ফিরতে পারেনি অ্যাতলেতিকো। দুয়ার্তের পাস থেকে চতুর্থ মিনিটে আলাভেসকে এগিয়ে দেন লাগুয়ার্দিয়া। সেই ব্যবধান ধরে রেখে ম্যাচ শেষে মৌসুমের প্রথম জয় উদযাপনে মেতে ওঠে আলাভেস।
আক্রমণভাগের দুই তারকা লুইস সুয়ারেস-আঁতোয়া গ্রিজম্যানদের কোনো সুবিধা করতে দেয়নি আলাভেসের রক্ষণভাগ। ম্যাচের শেষদিকে পেনাল্টির আবেদন জানিয়েছিল অ্যাতলেতিকো। কিন্তু সুয়ারেসের জানানো সেই আবেদন বাতিল করে দেয় ম্যাচ রেফারি।
তবে জয় পেলেও অবনমন অঞ্চলে রয়েছে আলাভেস। ৬ ম্যাচে মাত্র ৩ পয়েন্ট নিয়ে ১৯তম স্থানে তারা। অন্যদিকে শীর্ষে ওঠার সুযোগ হারানো অ্যাতলেতিকো নেমে গেছে তিনে। ৭ ম্যাচে তাদের পয়েন্ট ১৪। সমান ম্যাচে ১৭ পয়েন্ট নিয়ে শীর্ষে রিয়াল। অন্যদিকে দুইয়ে উঠে এসেছে এস্পানিওলকে ২-০ গোলে হারানো সেভিয়া। ৬ ম্যাচে তদের পয়েন্ট ১৪।
