গত বছরের জুনে নেটফ্লিক্সে মুক্তি পাওয়া ‘এক্সট্র্যাকশন’ ছবিটি বাংলাদেশে ভীষণ সমালোচিত হয়। সেই ছবির সিক্যুয়েলের খবর পাওয়া গেলেও এবার চূড়ান্ত প্রমাণ মিলল। জানা গেল, মূল চরিত্র টাইলার রাক বুড়িগঙ্গায় ডুবে মারা যায়নি।
‘এক্সট্র্যাকশন’-এর মূল চরিত্রে অভিনয় করেন হলিউডের জনপ্রিয় তারকা ক্রিস হেমসওয়র্থ। তিনিই থাকছেন পরের ছবির মূল চরিত্রে। প্রথম ছবির শেষ দিকে দেখা যায়, ভারতীয় গ্যাংস্টারের ছেলেকে উদ্ধার করতে সক্ষম হলেও গুলি খায় টাইলার। তাকে বুড়িগঙ্গার পানিতে তলিয়ে যেতে দেখা যায়। ধরে নেওয়া হয়, টাইলারের মৃত্যু ঘটেছে।
‘অ্যাভেঞ্জার্স’-খ্যাত রুশো ব্রাদার্সের প্রযোজনায় ছবিটি পরিচালনা করেছিলেন স্যাম হারগ্রেভ। তারাই নির্মাণ করছেন সিক্যুয়াল।
সম্প্রতি ‘এক্সট্র্যাকশন টু’র প্রাথমিক ট্রেলার প্রকাশ হয়। যেখানে বেশির ভাগ ফুটেজ নেওয়া হয় প্রথম সিনেমার শেষ দিকের দৃশ্য থেকে। কিন্তু একদম শেষ দিকে জানানো হয়, টাইলারের কমপক্ষে একটি অভিযান বাকি আছে।
চলতি সেপ্টেম্বরে অস্ট্রেলিয়ায় ‘এক্সট্র্যাকশন টু’র শুটিং শুরুর কথা থাকলেও কভিডের কারণে তা স্থানান্তরিত হয়েছে প্রাগ্রে।
গত বছর মূল ছবি মুক্তির এক মাস পর জুলাইয়ে সিক্যুয়েলের ঘোষণা দেওয়া হয়। ওই সময় নেটফ্লিক্স জানায়, তাদের অরিজিনাল মুভি হিসেবে সবচেয়ে বেশি দর্শক দেখেছে ‘এক্সট্র্যাকশন’, প্রথম চার সপ্তাহে যা ৯.৯ কোটি।
পরবর্তীতে রুশো ভাইয়েরা জানান, এ ছবি থেকে একটি সিনেমাটিক ইউনিভার্স করার ইচ্ছা আছে তাদের। ছবির অন্য চরিত্রগুলো নিয়েও এগোতে পারে স্বাতন্ত্র্য গল্প। এর মধ্যে আছে ডেভিড হারবারের গ্যাসপার চরিত্রটি নিয়ে ভবিষ্যৎ সিনেমা।
