প্রীতি ম্যাচে হংকংয়ের বিপক্ষে গোল উৎসব করেছে বাংলাদেশ নারী ফুটবল দল। অধিনায়ক সাবিনা খাতুন পেয়েছেন হ্যাটট্রিক।
রবিবার উজবেকিস্তানের জার একাডেমি মাঠে ৫-০ গোলে জয় তুলে নেয় গোলাম রব্বানী ছোটনের দল। সাবিনা একাই করেন ৪ গোল। অন্য গোলটি করেন তহুরা খাতুন।
উজবেকিস্তানে মূলত এএফসি এশিয়ান কাপের বাছাই পর্বে অংশ নিতে গিয়েছিল বাংলাদেশ। তবে ‘জি’ গ্রুপে নিজেদের দুই ম্যাচেই বড় ব্যবধানে হারে সাবিনারা। জর্ডানের বিপক্ষে ৫-০ গোলে হারের পর ইরানের বিপক্ষেও হার একই ব্যবধানে।
এশিয়ান কাপের বাছাই খেলে দেশে ফেরার আগে হংকংয়ের বিপক্ষে এই প্রীতি ম্যাচে অংশ নেয় মেয়েরা। যে ম্যাচ উজবেকিস্তান থেকে কিছু সুখস্মৃতি নিয়ে ফেরার উপলক্ষই এনে দিয়েছে।
ম্যাচের ১৮ মিনিটে তহুরা খাতুনের গোলে প্রথম এগিয়ে যায় বাংলাদেশ। প্রথমার্ধের শেষ দিকে ব্যবধান দ্বিগুণ করেন সাবিনা খাতুন।
দ্বিতীয়ার্ধে চার মিনিটের ব্যবধানে (৫৩ ও ৫৭) দুই গোল করে হ্যাটট্রিক পূরণ করেন সাবিনা। ৮৫ মিনিটে নিজের চতুর্থ গোলটি করেন তিনি।
