সুনামগঞ্জের ছাতক উপজেলার ভাতগাঁও ইউনিয়নের জহিরপুর গ্রামে ডোবায় মাছ ধরাকে কেন্দ্র করে দুপক্ষের সংঘর্ষে একজন নিহত ও ১২ জন আহত হয়েছেন। নিহত ব্যক্তির নাম খসরু মিয়া (৪০)। গত শনিবার রাত ১০টার দিকে এ সংঘর্ষের ঘটনা ঘটেছে।
পুলিশ ও প্রত্যক্ষদর্শী সূত্রে জানা যায়, উপজেলার ভাতগাঁও ইউনিয়নের জহিরপুর গ্রামের মজু মিয়া ও নিহত খসরু মিয়া আপন চাচাতো ভাই। বাড়ির পাশেই ডোবার দখল ও মাছ ধরা নিয়ে তাদের মধ্যে দ্বন্দ্ব ছিল। গত শনিবার রাতে মাছ ধরাকে কেন্দ্র করে দুপক্ষের মধ্যে কথা-কাটাকাটির একপর্যায়ে লাঠিসোঁটা নিয়ে দুপক্ষ সংঘর্ষে জড়িয়ে পড়ে। এ সময় খসরুসহ ১৩ জন আহত হলে তাদের সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়। গতকাল রবিবার ভোরে খসরু মিয়া চিকিৎসাধীন অবস্থায় মারা যান।
ছাতক থানার ওসি নাজিম উদ্দীন জানান, মাছ ধরা নিয়ে নিজেদের মধ্যে মারামারিতে এ ঘটনা ঘটে। এ ঘটনায় দুজনকে আটক করা হয়েছে। ঘটনাস্থলে পুলিশ মোতায়েন আছে।
