ভারতে পাচারের সময় সাতক্ষীরা সীমান্তে ১৫টি ময়ূর উদ্ধার

আপডেট : ২৭ সেপ্টেম্বর ২০২১, ০৪:৫৫ পিএম

ভারতে পাচারের সময় সাতক্ষীরার সীমান্ত এলাকা জামতলা থেকে ১৫টি ময়ূরসহ দুইজনকে আটক করেছে সাতক্ষীরা সদর থানা-পুলিশ।

সাতক্ষীরা সদর থানার অফিসার ইনচার্জ (ওসি) দেলোয়ার হুসেন বলেন, গোপন সংবাদের ভিত্তিতে সোমবার সকালে সাতক্ষীরা সদর উপজেলার সীমান্ত এলাকা জামতলা অবস্থান নিলে পুলিশ একটি সাদা হায়েছ মাইক্রো দেখতে পায়।

সেই পথ ধরে নিকটস্থ একটি আম বাগানে ভারতে দুর্লভ ময়ূর পাচারের আলোচনারত তিন ব্যক্তিকে খুঁজে পায়।

তাদের আটকের পর মাইক্রোবাসটি খুললে বাসের সিটের নিচে একে একে পনেরোটি ময়ূর পাখি টের পায়।

পুলিশ ময়ূর ও মাইক্রোবাসসহ মিন্টু খাঁ (৩৭) ও অর্ণব দাস (২৪) নামের দুজনকে আটক করে।

আটক হওয়া দু’জন ময়মনসিংহের মুক্তাগাছা উপজেলার বাসিন্দা। এ ছাড়া আটককৃত ময়ূর বন বিভাগকে হস্তান্তর প্রক্রিয়াধীন বলে জানান ওসি দেলোয়ার।

বিকেলে পুলিশের কাছ থেকে ময়ূরগুলো গ্রহণকালে খুলনা বন অধিদপ্তরের বন্যপ্রাণী ব্যবস্থাপনা ও প্রকৃতি সংরক্ষণ বিভাগের কর্মকর্তা মফিজুর রহমান চৌধুরী বলেন, বাংলাদেশে বন অধিদপ্তরের বন্যপ্রাণী ব্যবস্থাপনা ও প্রকৃতি সংরক্ষণ বিভাগের সম্মতি ছাড়া ময়ূর সংরক্ষণ ও বেচাকেনার কোনো সুযোগ নেই। আদালতের নির্দেশ পেলে উদ্ধারকৃত ময়ূরগুলো সাফারি পার্কে সংরক্ষণ করা হবে।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত