ধোনিকে মেন্টর বেছে নেওয়া ভারত দলের সেরা সিদ্ধান্ত: ভন

আপডেট : ২৭ সেপ্টেম্বর ২০২১, ০৮:৩৪ পিএম

টি-টোয়েন্টি বিশ্বকাপে ভারতীয় দলে মেন্টর হিসেবে থাকবেন মহেন্দ্র সিং ধোনি। দুটি বিশ্বকাপ জয়ী অধিনায়ক ধোনির মেধা আসরে বিরাট কোহলিদের জন্য সহায়ক হবে বলে মনে করেন ইংল্যান্ডের অধিনায়ক মাইকেল ভন।

ভনের মতে, সর্বকালের সেরা টি-টোয়েন্টি অধিনায়ক ধোনি। তার বুদ্ধিদীপ্ত উপদেশ-সিদ্ধান্ত আসন্ন টি-টোয়েন্টি বিশ্বকাপে ভারতের জন্য সহায়ক ভূমিকা পালন করবে।

২০২০ সালের আগস্টে আন্তর্জাতিক ক্রিকেট থেকে অবসর নেন ধোনি। তার অধীনে ২০০৭ সালে টি-টোয়েন্টি বিশ্বকাপ ও ২০১১ সালে ওয়ানডে বিশ্বকাপ জিতে ভারত। দলকে ২০১৩ সালে আইসিসি চ্যাম্পিয়নস ট্রফির শিরোপাও এনে দেন ধোনি।

ভন বলছেন, ‘আপনি সর্বকালের সেরা টি-টোয়েন্টি অধিনায়ককে পেয়েছেন এবং তাকে বিশ্বকাপের জন্য ভারতের মেন্টর করার পর তোলপাড় শুরু হয়, কেন এই দায়িত্বে ভারতীয় দলের তাকে প্রয়োজন?’

ভনের মতে ডাগআউটে ধোনির মেধাটা দারুণ উপকারে আসবে টিম ইন্ডিয়ার জন্য। তিনি বলেন, ‘এই সিদ্ধান্তটা ভারত দলের নেওয়া এখন পর্যন্ত সেরা সিদ্ধান্ত। ডাগআউটে এ ধরনের মানুষের মেধাটা প্রয়োজন হবে। ধোনি দলকে কি দেবে এই সম্পর্কে সে আগে থেকেই অবগত।’

×
সর্বশেষ সর্বাধিক পঠিত